রাষ্ট্রদ্রোহের অভিযোগে ভারতে আটক কার্টুনিস্টকে কারাগারে প্রেরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রদ্রোহের অভিযোগে আটক কার্টুনিস্ট অসীম ত্রিবেদীকে জিজ্ঞাসাবাদের জন্য আজ সোমবার কারাগারে পাঠিয়েছেন ভারতের মুম্বাইয়ের এক আদালত। আদালত ২৪ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর রিমান্ড মঞ্জুর করেছেন।টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, জাতীয় প্রতীককে বিকৃত করে দুর্নীতিবিরোধী প্রচারণা চালানোর দায়ে ত্রিবেদীর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। ত্রিবেদী তাঁর কার্টুনে জাতীয় প্রতীকে সিংহের মাথার জায়গায় নেকড়ের মাথা বসিয়েছেন এবং ‘সত্যমেভ জয়তে’র জায়গায় লিখেছেন ‘ভ্রষ্টমেভ জয়তে’।প্রতিবেদনে বলা হয়, ত্রিবেদী তাঁর পক্ষে আইনজীবী নিয়োগ করতে অস্বীকার করেছেন। তিনি মনে করেন, তিনি কোনো দোষ করেননি এবং তাঁর ব্যাপারে আদালতই সিদ্ধান্ত নেবেন।আরেক প্রতিবেদনে বলা হয়, কার্টুনিস্ট অসীম ত্রিবেদীকে গ্রেপ্তারের ঘটনায় ভারতজুড়ে বইছে নিন্দার ঝড়। ভারতের সংবিধান ও জাতীয় পতাকার অবমাননা করে ব্যঙ্গচিত্র আঁকার অভিযোগে গতকাল রোববার তাঁকে মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়।ত্রিবেদীর কার্টুন দেশবিরোধী—এমন অভিযোগ এনে মুম্বাইয়ের এক আইনজীবী অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে অসীম ত্রিবেদীকে গ্রেপ্তার করে পুলিশ।এর আগে অসীম ত্রিবেদীর দুর্নীতিবিরোধী কার্টুনসংবলিত একটি ওয়েবসাইট এ বছরের শুরুর দিকে মুম্বাই পুলিশ নিষিদ্ধ করে।বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, কার্টুনিস্ট অসীম ত্রিবেদী ভারতে আন্না হাজারের নেতৃত্বে চলমান দুর্নীতিবিরোধী আন্দোলনে অংশ নিচ্ছেন। ত্রিবেদীর গ্রেপ্তারের ঘটনাকে ‘অন্যায় কাজ’ বলে মন্তব্য করে এর নিন্দা জানিয়েছেন দেশটির গণমাধ্যম ও বিশিষ্ট ব্যক্তিরা। মাইক্রো-ব্লগিং সাইট টুইটারেও ত্রিবেদীকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা অব্যাহত রয়েছে।ভারতের প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মারকান্দে কাটজু ‘দ্য হিন্দু’ পত্রিকাকে বলেন, ‘আমি যতটুকু তথ্য পেয়েছি, এতে ওই কার্টুনিস্ট বেআইনি কিছু করেননি; বরং তাঁকে গ্রেপ্তার করাটা বেআইনি।’ তিনি বলেন, ‘ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী, অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার করা গুরুতর অপরাধ। যারা তাঁকে গ্রেপ্তার করেছে, তাদের গ্রেপ্তার করা উচিত।’ কার্টুন আঁকা কীভাবে অপরাধ হিসেবে বিবেচিত হয়, ভারতের সুপ্রিম কোর্টের সাবেক এই বিচারক তা জানতে চেয়েছেন। তিনি বলেন, সমালোচনা মেনে নেওয়া শিখতে হবে রাজনীতিকদের।ভারতের সাবেক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ও আইনজীবী ওয়াই পি সিং সাংবাদিকদের বলেন, জাতীয় সম্মানের প্রতি অবমাননা ঠেকাতে যে আইন আছে, অসীম ত্রিবেদীর বিরুদ্ধে বড়জোর সে ধরনের অভিযোগ আনা হতে পারে। তবে রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর অভিযোগ আনা যায় না। রাষ্ট্রদ্রোহের অভিযোগে শাস্তি আরও কঠোর। অপরাধ প্রমাণিত হলে ভারতে রাষ্ট্রদ্রোহের শাস্তি তিন বছরের কারাদণ্ড হতে পারে। বিবিসি অনলাইনের খবরে বলা হয়, এ বছরের এপ্রিলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যঙ্গচিত্র ইন্টারনেটে প্রকাশ করার অভিযোগে কলকাতার এক অধ্যাপককে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাঁকে মুক্তি দেওয়া হয়।