রাষ্ট্রদ্রোহের মামলায় মওদুদের আগাম জামিন
রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপির নেতা মওদুদ আহমদের বিরুদ্ধে খুলনায় করা মামলায় হাইকোর্ট তাঁর আগাম জামিন মঞ্জুর করেছেন । তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন না করা পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়েছে।আজ সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে কেন তাঁকে স্থায়ী জামিন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। মওদুদ আহমদ আজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান। তাঁর পক্ষে শুনানিতে অংশ নিয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, মামলাটি অভিযোগের ভিত্তিতে হয়েছে। পুলিশ মওদুদ আহমদকে তাঁর বাসায় গিয়ে খুঁজেছে। মওদুদ আহমদ আশঙ্কা করছেন, তাঁকে হয়রানি বা গ্রেপ্তার করা হতে পারে। তাই জামিনের আবেদন করা হয়েছে। জামিনের বিরোধিতা করে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির বলেন, আবেদনটি যথাযথ নয়। পরে আদালত অভিযোগটিকে এফআইআর হিসেবে গণ্য করে পদক্ষেপ নিতে বলেন। পরে মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, অভিযোগ গঠন না করা পর্যন্ত আদালত তাঁকে অগ্রিম জামিন দিয়েছেন।প্রসঙ্গত, বিএনপির নেতা মওদুদ আহমদ ও জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের বিরুদ্ধে গতকাল রোববার খুলনায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করা হয়। খুলনার মুখ্য মহানগর হাকিমের আদালতে আইনজীবী এম এম সাজ্জাদ আলী বাদী হয়ে মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, ৪ আগস্ট রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ইয়ুথ ফোরাম আয়োজিত ‘সংবিধান সংশোধন: বর্তমান ও ভবিষ্যত্ বাংলাদেশের বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মওদুদ আহমদ ও সৈয়দ আবদুল্লাহ মো. তাহের সরকার উত্খাতের বিষয়ে বক্তব্য দেন; যা রাষ্ট্রদ্রোহের শামিল।