রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্তির প্রশ্নে হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে অন্তর্ভুক্তির বিধান কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন।আগামী ১৬ জুন এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। এ সময়ের মধ্যে জাতীয় সংসদের স্পিকার এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল আদালত অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে ১২ জ্যেষ্ঠ আইনজীবীর নাম ঘোষণা করেন।জানা যায়, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে ১৯৮৮ সালের ৫ জুন চতুর্থ জাতীয় সংসদে অষ্টম সংশোধনী অনুমোদন হয়। এর মাধ্যমে সংবিধানে অনুচ্ছেদ ২-এর পর ২(ক) যুক্ত হয়। ২(ক)-তে বলা হয়, ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হবে ইসলাম, তবে অন্যান্য ধর্মও প্রজাতন্ত্রে শান্তিতে পালন করা যাইবে।’ তৎকালীন রাষ্ট্রপতি ৯ জুন এতে অনুমোদন দেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের আগস্টে সাবেক প্রধান বিচারপতি কামালউদ্দিন হোসেন, কবি সুফিয়া কামাল, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ ১৫ জন বিশিষ্ট নাগরিক একটি রিট আবেদন করেন। গতকাল আদালত রুলে সংবিধানের ওই সংশোধনীর মাধ্যমে ২(ক) অন্তর্ভুক্তি কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন।গতকাল সর্বশেষ অবস্থা বর্ণনা করে রিট আবেদনকারীদের পক্ষে সাংবাদিক ফয়েজ আহমদ (আবেদনকারীদের অন্যতম) একটি সম্পূরক আবেদন করেন। দুপুরে প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী সুব্রত চৌধুরী।প্রায় ২৩ বছর পর আবেদনের শুনানি প্রসঙ্গে আইনজীবী সুব্রত চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম ও হাইকোর্টকে বিকেন্দ্রীকরণ করা হয়। ওই সময়ে করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টকে বিকেন্দ্রীকরণের (১০০ অনুচ্ছেদ) সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করলেও রাষ্ট্রধর্মের বিষয়টি অমীমাংসিত থেকে যায়। আমরা আশা করেছিলাম, ভবিষ্যতে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় এসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। কিন্তু বর্তমানে সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটি ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে বহাল রাখার সুপারিশ করায় আমরা মর্মাহত ও সংক্ষুব্ধ। তাই রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হয়।’আদেশ প্রসঙ্গে সুব্রত চৌধুরী বলেন, ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।১২ অ্যামিকাস কিউরি: আদালত অ্যামিকাস কিউরি হিসেবে যে ১২ জনের নাম ঘোষণা করেছেন, তাঁরা হলেন ড. কামাল হোসেন, টি এইচ খান, এম আমীর-উল ইসলাম, রফিক-উল হক, এম জহির, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, ফিদা এম কামাল, ইউসুফ হোসেন হুমায়ুন, এ এফ এম মেসবাহ উদ্দিন ও আবদুল মতিন খসরু।সম্পূরক আবেদন: সম্পূরক আবেদনে বলা হয়, সংবিধানের পঞ্চম, সপ্তম, অষ্টম (আংশিক) ও ত্রয়োদশ সংশোধনী সংসদে অনুমোদিত (পাস) হলেও সুপ্রিম কোর্ট এসব সংশোধনী বাতিল করেছেন। রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতির বিধান সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী। পঞ্চম সংশোধনী মামলার রায়ের আলোকে ১৯৭২ সালের সংবিধানের চার মূলনীতি—জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র সংবিধানে ফিরে এসেছে। আদি সংবিধানের ১২ অনুচ্ছেদ পুনর্বহাল হয়েছে। এটির সঙ্গে ইসলামকে রাষ্ট্রধর্ম অব্যাহত রাখা হলে তা হবে সাংঘর্ষিক ও পঞ্চম সংশোধনীর মামলার রায়ের পরিপন্থী।সেই রিট আবেদন: জানা যায়, ওই রিট আবেদনে বলা হয়, বাংলাদেশে নানা ধর্মবিশ্বাসের মানুষ বাস করে। এটি সংবিধানের মূল স্তম্ভে বলা হয়েছে। এখানে রাষ্ট্রধর্ম করে অন্যান্য ধর্মকে বাদ দেওয়া হয়েছে। এটি বাংলাদেশের অভিন্ন জাতীয় চরিত্রের প্রতি ধ্বংসাত্মক।রিট আবেদনকারী অন্য ১১ জন: ওই রিট আবেদনকারী ১৫ জনের অন্য ১১ জন হলেন অধ্যাপক খান সরওয়ার মুর্শিদ, অধ্যাপক কবীর চৌধুরী, অধ্যাপক মোশাররফ হোসেন, মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্ত (সি আর দত্ত), বদরুদ্দীন উমর, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, অধ্যাপক আনিসুজ্জামান, বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য, বিচারপতি কে এম সোবহান, সৈয়দ ইশতিয়াক আহমেদ ও কলিম শরাফী। আবেদনকারীদের মধ্যে সুফিয়া কামাল, দেবেশ চন্দ্র ভট্টাচার্য, কে এম সোবহান, সৈয়দ ইশতিয়াক ও কলিম শরাফী ইতিমধ্যে মারা গেছেন।