সংবিধানের অষ্টম সংশোধনীতে অন্তর্ভুক্ত রাষ্ট্রধর্ম ইসলাম প্রসঙ্গে তিন অ্যামিকাস কিউরি বলেছেন, এ বিষয়টি জাতীয় সংসদের সামনে আছে। সংসদ সার্বভৌম। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ভার সংসদের ওপর ছেড়ে দেওয়ার পক্ষে মত দিয়েছেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্তি প্রশ্নে রুলের শুনানিতে অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে আইনজীবী এম জহির, ইউসুফ হোসেন হুমায়ুন ও আবদুল মতিন খসরু এ বক্তব্য দেন।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে এ শুনানি হয়। প্রথম দিনের শুনানি নিয়ে আদালত আগামী ১৪ জুলাই পর্যন্ত শুনানি মুলতবি করেন। ৮ জুন আদালত সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে অন্তর্ভুক্তির বিধানটি কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন। একই সঙ্গে ১৬ জুন শুনানির দিন ধার্য করা হয়। অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবীর নাম ঘোষণা করা হয়। শুনানিতে এম জহির বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, রাষ্ট্রের কোনো ধর্ম হতে পারে না। সেক্যুলারিজমের বাংলা বলা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এটা সঠিক নয়। আমার মতে, সেক্যুলারিজম অর্থ হচ্ছে পার্থিব। বর্তমানে সংসদ সংবিধান সংশোধন নিয়ে কাজ করছে। বিষয়টি সংসদের সামনে আছে। এ অবস্থায় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত।’ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, ‘রাষ্ট্রধর্ম ইসলাম আনা হয়েছে যে উদ্দেশ্যে, তা সঠিক ছিল না। দেশে তখন এমন প্রেক্ষাপটও ছিল না। অষ্টম সংশোধনী চ্যালেঞ্জ করে রিট হলেও রাষ্ট্রধর্মের বিষয়টি চ্যালেঞ্জ হয়নি। আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য। পঞ্চম সংশোধনী মামলার রায়ের মাধ্যমে ধর্মনিরপেক্ষতাসহ সংবিধানের চার মূলনীতি ফিরে পেয়েছি।’ তিনি মনে করেন, রাষ্ট্রধর্মের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সংসদের।আবদুল মতিন খসরু বলেন, সংবিধান সংশোধনের বিষয়টি বর্তমানে সংসদের বিবেচনায় রয়েছে। আইন প্রণয়নের এখতিয়ার সংসদের। এ অবস্থায় মামলাটি শুনানি করা ঠিক হবে না। উচিত হবে শুনানি মুলতবি করা। রিট আবেদনকারীদের আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, রাষ্ট্রধর্ম ইসলামের বিধান সংবিধানের মৌলিক কাঠামো ও ধর্মনিরপেক্ষতার সঙ্গে সাংঘর্ষিক। এরপর আদালত শুনানি মুলতবি করেন। এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের আমলে ১৯৮৮ সালের ৯ জুন চতুর্থ সংসদে অষ্টম সংশোধনীর মাধ্যমে সংবিধানে অনুচ্ছেদ ২-এর (ক) যুক্ত করা হয়। এতে বলা হয়, ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হইবে ইসলাম, তবে অন্যান্য ধর্মও প্রজাতন্ত্রে শান্তিতে পালন করা যাইবে।’ এর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের আগস্টে সাবেক প্রধান বিচারপতি কামালউদ্দিন হোসেন, কবি সুফিয়া কামাল, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ ১৫ জন বিশিষ্ট নাগরিক হাইকোর্টে রিট আবেদন করেন। এরই মধ্যে তাঁদের পাঁচজন ইন্তেকাল করেছেন। এরপর ৮ জুন সর্বশেষ অবস্থা বর্ণনা করে আবেদনকারীদের পক্ষে একটি সম্পূরক আবেদন করা হয়। আবেদনকারীদের পক্ষে সাংবাদিক ফয়েজ আহমদ সম্পূরক হলফনামা করে আবেদনটি করেন।