রাষ্ট্রধর্ম ইসলাম প্রসঙ্গে সিদ্ধান্ত সংসদের: অ্যামিকাস কিউরিদের মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রধর্ম ইসলাম প্রসঙ্গে মূল সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ। আজ বৃহস্পতিবার রাষ্ট্রধর্ম ইসলাম প্রসঙ্গে হাইকোর্টের দেওয়া রুলের ওপর শুনানিতে অংশ নিয়ে অ্যামিকাস কিউরিরা এই মত দেন। হাইকোর্ট রাষ্ট্রধর্ম ইসলামের ব্যাপারে রুলের শুনানি আগামী ১৪ জুলাই পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ ঘোষণা দেওয়া হয়।রুলের শুনানিতে অংশ নিয়ে অ্যামিকাস কিউরি এম জহির বলেন, জাতীয় সংসদ সার্বভৌম। রাষ্ট্রধর্ম ইসলামের ব্যাপারে হাইকোর্ট যে রায়ই দিক না কেন, আসল সিদ্ধান্ত নেবে সংসদ। তিনি বলেন, ‘রাষ্ট্রের কোনো ধর্ম হতে পারে না। জাতীয় স্বার্থ দেখতে হবে।’অ্যামিকাস কিউরি আবদুল মতিন খসরু বলেন, বিষয়টি সংসদের বিবেচনাধীন। আইন প্রণয়ন করার একক এখতিয়ার সংসদের। কী হবে, সংসদ এটা ঠিক করবে।রিট আবেদনকারীর পক্ষে সুব্রত চৌধুরী বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম-সমন্বিত বিধানটি সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক।৮ জুন হাইকোর্টের এই বেঞ্চ প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে অন্তর্ভুক্তির বিধানটি কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। জাতীয় সংসদের স্পিকার এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছিল। একই সঙ্গে অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে ১২ জন জ্যেষ্ঠ আইনজীবীর নামও ঘোষণা করেছিলেন আদালত।জানা যায়, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের আমলে ১৯৮৮ সালের ৯ জুন চতুর্থ সংসদে অষ্টম সংশোধনীর মাধ্যমে সংবিধানে অনুচ্ছেদ ২-এর (ক) যুক্ত করা হয়। এতে বলা হয়, ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হইবে ইসলাম, তবে অন্যান্য ধর্মও প্রজাতন্ত্রে শান্তিতে পালন করা যাইবে।’ এর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের আগস্টে সাবেক প্রধান বিচারপতি কামালউদ্দিন হোসেন, কবি সুফিয়া কামাল, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ ১৫ জন বিশিষ্ট নাগরিক হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এরই মধ্যে তাঁদের পাঁচজন গত হয়েছেন।এরপর গত ৮ জুন সর্বশেষ অবস্থা বর্ণনা করে আবেদনকারীদের পক্ষে একটি সম্পূরক আবেদন করা হয়। আবেদনকারীদের পক্ষে সাংবাদিক ফয়েজ আহমদ সম্পূরক হলফনামা করে আবেদনটি করেন।