রাষ্ট্রধর্ম ইসলাম বিষয়ে রুল শুনানিতে আরও ২ অ্যামিকাস কিউরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রধর্ম ইসলামকে অন্তর্ভুক্তির প্রশ্নে রুল শুনানিতে আরও দুই অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ ও আক্তার ইমাম। এ ব্যাপারে রিট আবেদনকারীদের আইনজীবী সুব্রত চৌধুরী প্রথম আলোকে বলেন, আজ হাসান আরিফ ও আক্তার ইমামকে অ্যামিকাস কিউরি হিসেবে মনোনীত করা হয়েছে। এ নিয়ে মোট অ্যামিকাস কিউরি হিসেবে ১৪ জনের নাম ঘোষণা করা হয়েছে। অন্য ১২ জন মনোনীত অ্যামিকাস কিউরি হলেন ড. কামাল হোসেন, টি এইচ খান, এম আমীর-উল ইসলাম, রফিক-উল হক, এম জহির, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, ফিদা এম কামাল, ইউসুফ হোসেন হুমায়ুন, এ এফ এম মেসবাহ উদ্দিন ও আবদুল মতিন খসরু।এর আগে সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে অন্তর্ভুক্তির বিধান কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে গতকাল রুল জারি করেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন। ১৬ জুন এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। এ সময়ের মধ্যে জাতীয় সংসদের স্পিকার এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।জানা যায়, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে ১৯৮৮ সালের ৫ জুন চতুর্থ জাতীয় সংসদে অষ্টম সংশোধনী অনুমোদন হয়। এর মাধ্যমে সংবিধানে অনুচ্ছেদ ২-এর পর ২(ক) যুক্ত হয়। ২(ক)-তে বলা হয়, ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হবে ইসলাম, তবে অন্যান্য ধর্মও প্রজাতন্ত্রে শান্তিতে পালন করা যাইবে।’ তত্কালীন রাষ্ট্রপতি ৯ জুন এতে অনুমোদন দেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের আগস্টে সাবেক প্রধান বিচারপতি কামালউদ্দিন হোসেন, কবি সুফিয়া কামাল, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ ১৫ জন বিশিষ্ট নাগরিক একটি রিট আবেদন করেন। গতকাল আদালত রুলে সংবিধানের ওই সংশোধনীর মাধ্যমে ২(ক) অন্তর্ভুক্তি কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন।গতকাল সর্বশেষ অবস্থা বর্ণনা করে রিট আবেদনকারীদের পক্ষে সাংবাদিক ফয়েজ আহমদ (আবেদনকারীদের অন্যতম) একটি সম্পূরক আবেদন করেন। দুপুরে প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। সম্পূরক আবেদন: সম্পূরক আবেদনে বলা হয়, সংবিধানের পঞ্চম, সপ্তম, অষ্টম (আংশিক) ও ত্রয়োদশ সংশোধনী সংসদে অনুমোদিত (পাস) হলেও সুপ্রিম কোর্ট এসব সংশোধনী বাতিল করেছেন। রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতির বিধান সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী। পঞ্চম সংশোধনী মামলার রায়ের আলোকে ১৯৭২ সালের সংবিধানের চার মূলনীতি—জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র সংবিধানে ফিরে এসেছে। আদি সংবিধানের ১২ অনুচ্ছেদ পুনর্বহাল হয়েছে। এটির সঙ্গে ইসলামকে রাষ্ট্রধর্ম অব্যাহত রাখা হলে তা হবে সাংঘর্ষিক ও পঞ্চম সংশোধনীর মামলার রায়ের পরিপন্থী।সেই রিট আবেদন: জানা যায়, ওই রিট আবেদনে বলা হয়, বাংলাদেশে নানা ধর্মবিশ্বাসের মানুষ বাস করে। এটি সংবিধানের মূল স্তম্ভে বলা হয়েছে। এখানে রাষ্ট্রধর্ম করে অন্যান্য ধর্মকে বাদ দেওয়া হয়েছে। এটি বাংলাদেশের অভিন্ন জাতীয় চরিত্রের প্রতি ধ্বংসাত্মক।