রাষ্ট্রধর্ম ও ধর্মভিত্তিক রাজনীতি বাদ দিতে বেশির ভাগের মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহাত্তরের সংবিধানের মূল চেতনা ফিরিয়ে আনতে সংবিধান থেকে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার সুপারিশ করেছেন সংবিধান সংশোধনের বিশেষ কমিটির সঙ্গে মতবিনিময়ে অংশ নেওয়া বেশির ভাগ বিশিষ্টজন। তাঁদের অনেকে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার প্রস্তাব করেন। তবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান রাষ্ট্রধর্ম ইসলাম এবং অধ্যাপক আসিফ নজরুল ধর্মভিত্তিক রাজনীতি বহাল রাখার পক্ষে মত দেন বলে জানা গেছে।গতকাল মঙ্গলবার সংসদ ভবনে সংবিধান সংশোধনের বিশেষ কমিটির সঙ্গে মতবিনিময় সভায় ১৯ বিশিষ্ট নাগরিক অংশ নেন। তাঁদের সবাই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু রাখার পক্ষে মত দিয়েছেন।বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত সংসদ ভবনে বিশেষ কমিটির চেয়ারম্যান ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে এই মতবিনিময় সভা হয়। সভায় বিচার বিভাগ, নারী আসন, আদিবাসী, নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রভাষা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যসহ আরও বিষয়ে মতামত দেন বিশিষ্টজনেরা।বিশেষ কমিটির সদস্য ও আওয়ামী লীগের সাংসদ তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, বৈঠকে সবাই খোলামেলা আলোচনা করেছেন ও তাঁদের মতামত শুনেছে বিশেষ কমিটি। পরে তা পর্যালোচনা করে খসড়া প্রস্তাব করবে বিশেষ কমিটি।মতবিনিময় শেষে সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার ঘোষণা, নির্বাচনী প্রতিশ্রুতি ও আইনি নির্দেশের আলোকে বাহাত্তরের সংবিধানের মূল ধারা প্রতিস্থাপনের পক্ষে প্রায় সবাই মত দিয়েছেন।আজ বুধবার বিশেষ কমিটি জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গে বৈঠক করবে।চার মূলনীতি ঠিক রাখা: বৈঠক শেষে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী সাংবাদিকদের বলেন, বাহাত্তরের সংবিধানের চার মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলো বাদ দেওয়ার সুপারিশ করেছেন তিনি। এ ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতার সঙ্গে সাংঘর্ষিক রাষ্ট্রধর্ম ও বিসমিল্লাহ সংবিধান থেকে বাদ দেওয়া এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও ধর্মের অপব্যবহার নিষিদ্ধ করার পক্ষে মত দেন তিনি।লেখক সৈয়দ শামসুল হক বলেন, দুই জেনারেল (জিয়াউর রহমান এবং এইচ এম এরশাদ) সম্পূর্ণ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সংবিধানে বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম ইসলাম ও ধর্মভিত্তিক রাজনীতির বিষয়টি অন্তর্ভুক্ত করেছিলেন। তিনি বলেন, ‘এটা ছিল তাঁদের মতলবি কাজ। ইসলামপ্রীতি থেকে বা জনস্বার্থে তা করেননি তাঁরা। রাষ্ট্রীয় দলিলে বিসমিল্লাহর দরকার নেই। এ ক্ষেত্রে আদি সংবিধানে ফিরে যাওয়ার প্রস্তাব করা হয়েছে।’লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, সংবিধানে দলীয় দৃষ্টিকোণ থেকে এমন কিছু করা উচিত হবে না, যা পরবর্তী সরকার বাতিল করার সুযোগ পায়। তিনি মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণা সংবিধানে অন্তর্ভুক্ত করার এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব দেন।সুলতানা কামাল বলেন, রাষ্ট্রধর্ম ও বিসমিল্লাহ দেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও মানবাধিকারের সঙ্গে চলে না। ধর্মকে ব্যবহার করে কাউকে আঘাত বা অত্যাচার করা, অন্য ধর্মের প্রতি ঘৃণার উদ্রেক করা, ধর্মকে অপব্যবহার করা যায় না। এ জন্য এর বিরোধিতা করেছেন বলে তিনি জানান।একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, সংবিধানের প্রস্তাবনা এবং চার মূলনীতি (জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা) কোনো অবস্থায় পরিবর্তন করা যাবে না।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান, সাংবাদিক এবিএম মূসা, সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য, সৈয়দ আবুল মকসুদ, ইতিহাসবিদ মুনতাসীর মামুন, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার ও অধ্যাপক রফিকুল ইসলাম একই মত দেন বলে জানা গেছে।ধর্মভিত্তিক দল ও রাষ্ট্রধর্ম বিষয়ে দ্বিমত: সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বেশির ভাগের মত ছিল সংবিধানের চার মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক সবকিছু বাদ দেওয়ার পক্ষে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল শুধু ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রস্তাবের বিরোধিতা করেন।জানতে চাইলে অধ্যাপক আসিফ নজরুল প্রথম আলোকে বলেন, তিনি সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ও বিসমিল্লাহ বাতিলের প্রস্তাবের বিরোধিতা করেননি। তবে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার বিপক্ষে মত দিয়েছেন। তিনি বলেন, ‘ভারত ও ইউরোপের যেসব দেশে ধর্মনিরপেক্ষতা রয়েছে, সেখানেও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়নি। তাই অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো আমাদের দেশেও ধর্মভিত্তিক দল থাকবে। কিন্তু তারা যাতে ধর্মের অপব্যবহার করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’এম হাফিজউদ্দিন খান বলেন, বাস্তবতা বিবেচনায় বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম ও ধর্মভিত্তিক দলের বিষয়টি সংবিধানে রাখার প্রস্তাব দিয়েছেন তিনি।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা: বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান আলোচনায় বলেন, এখনই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা তুলে না দিয়ে এ পদ্ধতিতে সংস্কার আনার প্রস্তাব করেছেন তিনি। তিনি সাংবাদিকদের বলেন, সবার কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ লোককে হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। এমন ব্যক্তিদের নিযুক্ত করা উচিত, যাঁরা নির্দলীয় না হলেও যেন নিরপেক্ষ হন। এতে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো বিতর্ক উঠবে না। এ ছাড়া সাংসদদের স্বাধীনতা নিশ্চিত করতে সংবিধানের বিদ্যমান ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনার প্রস্তাব দেন তিনি।অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী ২০২১ সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু রাখার পক্ষে মত দেন। তিনি বলেন, গণতন্ত্রকে আরও মজবুত করতেই আরও দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে।সুলতানা কামাল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় জরুরি কিছু সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, গতবার ইয়াজউদ্দিন সাহেব যেমন নিয়ম লঙ্ঘন করে একই সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা হয়েছেন, এ ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়। প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা নিয়োগও নেতিবাচক প্রভাব ফেলছে। এসব বিষয় বিবেচনায় নেওয়ার প্রস্তাব দেন তিনি।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংস্কারের বিষয়ে আকবর আলি খান বলেন, বড় রাজনৈতিক দলগুলো একমত না হয়ে কোনো সিদ্ধান্ত নিলে তা অর্থবহ হবে না। এ ক্ষেত্রে রাজনৈতিক সমঝোতা করে সংশোধন করা উচিত। তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে প্রধান বিচারপতিদের সরিয়ে রাখার পক্ষে মত দেন।তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ নির্ধারণ করে দেওয়ার প্রস্তাব রেখে আকবর আলি খান বলেন, ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বিষয়টি নিশ্চিত করতে হবে। কোনোভাবেই এ সরকারকে বাজেট প্রণয়ন করতে দেওয়া যাবে না। তিনি আনুপাতিক হারে সংসদ সদস্য (২০০ আসনে সরাসরি নির্বাচন ও ২০০ আসনে ভোটের সংখ্যার আধিক্যের দিকটি বিবেচনা করে সংসদ সদস্য নির্বাচন) নির্বাচন, নির্বাচন কমিশনকে শক্তিশালী করার প্রস্তাব করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকদের জানান, ৯০ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনে ব্যর্থ হলে আগের সংসদ কার্যকর হবে এবং এর অধীনে নির্বাচন করার প্রস্তাব রাখেন তিনি।অন্যান্য প্রস্তাব: বর্তমান ব্যবস্থায় প্রধানমন্ত্রী অতিরিক্ত ক্ষমতা ব্যবহার করেন বলে উল্লেখ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথাও বলেছেন কয়েকজন।বিদেশি রাষ্ট্রের সঙ্গে যেকোনো চুক্তি করার আগে তা সংসদে উত্থাপন ও আলোচনার প্রস্তাব করেছেন কেউ কেউ।জাতীয় মানবাধিকর কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান মানবাধিকার লঙ্ঘনের দায়ে সুনির্দিষ্ট শাস্তির বিধান সংবিধানে যোগ করার সুপারিশ করেন। তিনি বলেন, ‘প্রচলিত আইনে বিচারের ব্যবস্থা থাকলেও তাতে কাজ হচ্ছে না। এ জন্য সংবিধানের ৩৫(৫) অনুচ্ছেদে সুনির্দিষ্ট শাস্তির বিধানের বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছি।’রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার সুপারিশ করেন বায়ান্নর ভাষা আন্দোলনে অন্যতম অংশগ্রহণকারী অধ্যাপক রফিকুল ইসলাম।বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান এবং ইকবাল সোবহান চৌধুরীও অংশ নেন।আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল সাংবাদিকদের বলেন, সংবিধান সংশোধনের মতো বিষয়ে সবার মতামত নেওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের সূচনা হলো। এর আগে রাজনীতিকেরা নিজেদের বাইরে আর কাউকে ডেকে নিয়ে সম্পৃক্ত করেননি। এবার তা হলো।অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক মোজাফ্ফর আহমদ, অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, লেখিকা সেলিনা হোসেন ও সাংবাদিক মাহফুজউল্লাহ আমন্ত্রিত হলেও মতবিনিময় সভায় আসেননি।