রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামের স্বীকৃতি কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতি দেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জাতীয় সংসদের স্পিকার ও আইন সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। একই সঙ্গে আদালত রুল শুনানির জন্য ১১ জন অ্যামিকাস কিউরি মনোনীত করে ১৬ জুন এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।প্রসঙ্গত, ১৯৮৮ সালের ৯ জুন চতুর্থ সংসদে অষ্টম সংশোধনীর মাধ্যমে অনুচ্ছেদ-২-এর (১) সংযোজন করে ইসলামকে রাষ্ট্রধর্মের স্বীকৃতি দেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরে সাবেক প্রধান বিচারপতি কামালউদ্দিন হোসেন, কবি সুফিয়া কামাল, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ ১৫ বিশিষ্ট নাগরিক একটি রিট করেন। দীর্ঘ ২৩ বছর পর রিটটি শুনানির জন্য আদালতের নজরে আনা প্রশ্নে আবেদনকারীদের আইনজীবী সুব্রত চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অষ্টম সংশোধনীর অনুচ্ছেদ ১০০ ইতিমধ্যে বেআইনি ঘোষণা করা হয়েছে। আমাদের আশা ছিল রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধ ও ’৭২-এর মূল সংবিধানের চেতনার আলোকে সংবিধান পুনঃ স্থাপিত হবে। কিন্তু সংবিধান সংশোধনে গঠিত কমিটি রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের সুপারিশ করেনি। এ জন্য আমরা ক্ষুব্ধ। তাই রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে।’আদালত মনোনীত ১১ অ্যামিকাস কিউরি হলেন—ড. কামাল হোসেন, টি এইচ খান, এম আমীর-উল ইসলাম, রফিক-উল হক, এম জহির, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, ইউসুফ হোসেন হুমায়ুন, এ এফ এম মেসবাহ উদ্দিন ও আবদুল মতিন খসরু।