রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি
ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানি আগামী মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। আজ বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ আপিলের ওপর পঞ্চম দিনের মতো শুনানি গ্রহণ করেন। শুনানিতে এ মামলায় নিয়োজিত রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক বলেন, সাক্ষীদের বক্তব্যে দেখা যায়, বঙ্গভবনে ষড়যন্ত্র হয়েছে। সেখানে এক বৈঠকে জিজ্ঞেস করা হয়—কে কারাগারে যাবে? বলা হয়, মোসলেম উদ্দিনের সঙ্গে আরও দুজন যাবেন। তাঁরা হলেন, দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধা।বিচারিক আদালত বলেছেন, সাক্ষীদের বক্তব্যে অসামঞ্জস্য রয়েছে। তবে রায়ে এটি এড়িয়ে যাওয়া হয়েছে। পঞ্চম দিনের শুনানিতে আনিসুল হক সাক্ষীদের বক্তব্য ও বিচারিক আদালতের রায়ের বিভিন্ন দিক তুলে ধরেন। আগামী মঙ্গলবার তিনি যুক্তি উপস্থাপন করবেন বলে সাংবাদিকদের জানান। আপিলের অনুমতি পাওয়ার প্রায় দুই বছরের মাথায় ১৫ জানুয়ারি আপিলের ওপর প্রথম শুনানি শুরু হয়। ওই দিন রাষ্ট্রপক্ষ ৬৪ জন সাক্ষীর মধ্যে সাতজনের জবানবন্দি তুলে ধরেন। ফিরে দেখা ১৯৭৫ সালের ৩ নভেম্বর রাতে ঢাকার কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে। পরদিন তত্কালীন কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন। এরপর ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন। ওই রায়ে পলাতক আসামি রিসালদার (ক্যাপ্টেন) মোসলেহ উদ্দিন, দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধাকে মৃত্যুদণ্ডাদেশ ও ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এরপর ২০০৮ সালের ২৮ আগস্ট হাইকোর্ট রায় দেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মারফত আলী শাহ ও আবুল হাশেম মৃধাকে বেকসুর খালাস দেওয়া হয়। মৃত্যুদণ্ড বহাল রাখা হয় রিসালদার মোসলেহ উদ্দিনের। এ ছাড়া চারজন যাবজ্জীবন কারাদণ্ড থেকে অব্যাহতি পান। অন্য আট আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল থাকে।এ রায়ের বিরুদ্ধে ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। পৃথক পাঁচটি আবেদন করা হয়। পরে ২০১১ সালের ১১ জানুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেন। ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়। রাষ্ট্রপক্ষ সারসংক্ষেপ প্রস্তুত করে গত বছরের ১ নভেম্বর সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেয়। পরে ৪ নভেম্বর শুনানির দিন নির্ধারণের জন্য রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। জেলহত্যা মামলায় হাইকোর্টে অব্যাহতি পাওয়া চারজন—সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা এবং এ কে এম মহিউদ্দিন আহমেদের ইতিমধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসি কার্যকর হয়েছে।