রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের ওপর ট্রাইব্যুনালের অসন্তোষ
সাক্ষী উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ ট্রাইব্যুনালকে জানান, জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী মধুসূদন গরামী অসুস্থ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি আছেন। এ ছাড়া রাষ্ট্রপক্ষের আরও চরজন সাক্ষী যথাসময়ে ট্রাইব্যুনালে পৌঁছাতে পারেননি। গোলাম আরিফ ট্রাইব্যুনালকে আজ বেলা দুইটার সময়ে সাক্ষ্য গ্রহণের আরজি জানান। পরে ট্রাইব্যুনাল বেলা দুইটায় সাক্ষ্য গ্রহণের জন্য সময় ধার্য করেন।এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী বলেন, আমরা ট্রাইব্যুনালের আদেশ ঠিকমতো পালন করার চেষ্টা করি। তখন ট্রাইব্যুনাল বলেন, ‘ মাঝে মাঝে এমন কাজ করেন, যাতে আমরা অসন্তুষ্ট হতে বাধ্য হই।’এর আগে সকালে সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।