রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের নির্যাতনকারী বললেন সাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপক্ষ, আসামিপক্ষ ও আসামি—এই তিন পক্ষের বাদানুবাদ ও হট্টগোলের মধ্য দিয়ে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দিয়েছেন মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী। একপর্যায়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের বিষয়ে সাকা চৌধুরী ইংরেজি ‘প্রসিকিউটর’ শব্দটির সঙ্গে ‘পারসিকিউটর’ (নির্যাতনকারী) শব্দটিও ব্যবহার করেন। এতে রাষ্ট্রপক্ষ তীব্র আপত্তি জানায়।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তিনি রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের পারসিকিউটর বললে এই হট্টগোল ও বাদানুবাদ হয়।বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে দুই সদস্যের ট্রাইব্যুনাল-১-এ সাকা চৌধুরীর জবানবন্দি নেন আসামিপক্ষের আইনজীবী ফখরুল ইসলাম। এই মামলায় সাকা চৌধুরী আসামিপক্ষের প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিচ্ছেন।সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে জবানবন্দির শুরুতে সাকা চৌধুরী বলেন, জাতিকে বঙ্গবন্ধুর দেওয়া উপহার সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদের প্রতি দৃঢ় প্রত্যয় রেখে ১৯৭৮ সালের শেষ দিকে তিনি রাজনীতিতে যোগ দেন। সংবিধানের ওই অনুচ্ছেদে একাত্তরের ২৬ মার্চের অব্যবহিত আগে সাম্প্রদায়িকভাবে চিহ্নিত পূর্ব পাকিস্তানের এলাকাকে স্বীকৃতি দিয়ে দ্বিজাতিতত্ত্বের প্রতি বঙ্গবন্ধুর দ্ব্যর্থহীন ও স্পষ্ট অঙ্গীকার প্রদর্শিত হয়েছে। বঙ্গবন্ধু যেখানে নিজে দ্বিজাতিতত্ত্বের জন্য তাঁর ত্যাগ-তিতিক্ষার কথা উল্লেখ করে গেছেন, সেখানে সেই দ্বিজাতিতত্ত্বের বিরোধিতা ও অবজ্ঞা করা রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের দুঃসাহসী প্রচেষ্টা।এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের বিষয়ে সাকা চৌধুরী ইংরেজি ‘প্রসিকিউটর’ শব্দটির সঙ্গে ‘পারসিকিউটর’ শব্দটিও ব্যবহার করেন। এতে রাষ্ট্রপক্ষ তীব্র আপত্তি জানায়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ বলেন, ‘প্রসিকিউটরদের তিনি এ কথা বলতে পারেন না।’সাকা চৌধুরী বলেন, ‘গত আড়াই বছর ধরে যে আমাকে জেলে রেখে যন্ত্রণা দিচ্ছে, এ জন্য পারসিকিউটর বলেছি।’ তাঁর এ বক্তব্যে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা সমস্বরে প্রতিবাদ জানালে ব্যাপক হট্টগোল শুরু হয়। আসামিপক্ষের আইনজীবী ফখরুল ইসলাম ও সাকা চৌধুরী নিজে বাদানুবাদ শুরু করেন। ফখরুল ইসলাম বলেন, তিনি (সাকা চৌধুরী) নিজের অবস্থান ব্যাখ্যা করছেন। সাকা চৌধুরী বলেন, ‘আপনারা আমাকে খুনি বলতে পারবেন, আর আমি আপনাদের নির্যাতনকারী বলতে পারব না?’সাকা চৌধুরীর উদ্দেশে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম বলেন, ‘আপনি দায়িত্বশীল আচরণ করুন।’ এতে ফখরুল ইসলাম উত্তেজিত হয়ে পাল্টা জবাব দিতে গেলে সাকা চৌধুরী বলেন, ‘আমাকে যত যা-ই বলেন, সেগুলো হাঁসের গায়ে পানি ছিটানোর মতো। কিছুই যায়-আসে না।’জেয়াদ-আল-মালুম ট্রাইব্যুনালকে বলেন, ‘আসামি জবানবন্দি দিতে এসে অনেক কথা বলছেন। কিন্তু তাঁকে মামলার অভিযোগের মধ্যে থাকতে হবে। সাফাই সাক্ষী হিসেবে তাঁর বল্গাহীন বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই।’ সুলতান মাহমুদ বলেন, ‘পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহ নিজে তাঁর বক্তব্যে বলেননি যে দ্বিজাতিতত্ত্বের মাধ্যমে পাকিস্তানের জন্ম হয়েছে শুধু মুসলমানদের জন্য। কিন্তু যাঁরা দ্বিজাতিতত্ত্বের ধারক-বাহক তাঁদের মাথায় এগুলো রয়েছে।’এ সময় ফখরুল ইসলাম উচ্চৈঃস্বরে কিছু একটা বলতে গেলে ট্রাইব্যুনাল তাঁকে বলেন, ‘মাইকটা বন্ধ করে নেন।’ পরে ট্রাইব্যুনাল বলেন, ‘পারসিকিউটর শব্দটি বাদ যাবে।’ সাকা চৌধুরী বলেন, ‘বাদ দেন, আবার অন্যভাবে নিয়ে আসব।’ফখরুল ইসলাম তাঁর আসনে বসতে বসতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের আবার ‘পারসিকিউটর’ বলেন।তখন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ ট্রাইব্যুনালকে বলেন, ‘আসামিপক্ষের আইনজীবীর এ ধরনের আচরণ খুবই অপেশাদার। কীভাবে একজন আইনজীবী আরেকজন আইনজীবীর উদ্দেশে এ ধরনের শব্দ ব্যবহার করেন? এটা খুবই দুঃখজনক।’ফখরুল দাবি করেন, ‘রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা তাঁর প্রতি কটূক্তি করেছেন। তাঁরা এমনভাবে বলেন যাতে আসামিপক্ষের আইনজীবীরা শোনেন, কিন্তু ট্রাইব্যুনাল শুনতে পারেন না।’ট্রাইব্যুনাল দুপক্ষের আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘যদি আপনারা কোনো পক্ষ থেকে কোনো অপেশাদার আচরণ করেন, আমরা ব্যবস্থা নেব।’ ফখরুল ইসলামকে ট্রাইব্যুনাল বলেন, ‘আপনার বিরুদ্ধে এমনিতেই একটি আদালত অবমাননার অভিযোগ রয়েছে।’দুপক্ষের এই বাগবিতণ্ডায় প্রায় আধা ঘণ্টা সময় নষ্ট হয়। আবার জবানবন্দি দেওয়া শুরু করেন সাকা চৌধুরী। এরপর তিনি তাঁর জন্মস্থান চট্টগ্রাম, পলাশীর যুদ্ধ, খেলাফত আন্দোলন, স্বদেশি আন্দোলন প্রভৃতি ঐতিহাসিক বিষয়ে দীর্ঘ বক্তব্য দেন। তবে তাঁর বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে আজও তিনি কিছু বলেননি।বিকেলে জবানবন্দি অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।