জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের তিন সাক্ষীকে আবার জেরা করার আবেদন করেছে আসামিপক্ষ। শুনানি শেষে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবার আদেশের জন্য ৩১ মে দিন ধার্য করেন।আসামির কাঠগড়ায় সাঈদীর উপস্থিতিতে শুনানিতে তাঁর আইনজীবী মিজানুল ইসলাম বলেন, রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মাহবুবুল আলম হাওলাদার, দ্বিতীয় সাক্ষী রুহুল আমিন নবীন ও ষষ্ঠ সাক্ষী মানিক পসারিকে আবার জেরা করা দরকার। ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় মাহবুবুল ও মানিকের কাছে জানতে চাওয়া হয়েছিল, সাঈদীর বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তাঁরা কোনো টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন কি না। জবাবে তাঁরা বলেছিলেন, এটা তাঁদের মনে নেই। পরে তদন্ত কর্মকর্তা হেলালউদ্দিনের দাখিল করা বস্তু প্রদর্শনীতে দেখা যায়, একটি বেসরকারি টিভি চ্যানেলে তাঁরা সাক্ষাৎকার দিচ্ছেন। তাঁদের এ বিষয়ে জেরা করা হবে। কয়েকটি আলামতের বিষয়েও তাঁদের জেরা করা দরকার। তদন্ত কর্মকর্তা ওই আলামত ট্রাইব্যুনালে দাখিলের আগে এ বিষয়ে প্রশ্ন করার সুযোগ ছিল না।শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী বলেন, মাহবুবুল ও মানিক দুজনই বলেছেন তাঁদের সাক্ষাৎকার দেওয়ার বিষয়টি মনে নেই। কিন্তু দাখিল করা আলামতে (টিভিতে সাক্ষাৎকারের ভিডিও) দেখা যাচ্ছে, তাঁরা সাক্ষাৎকার দিয়েছেন। বিষয়টি এখানেই পরিষ্কার। তাঁদের ভিডিও দেখিয়ে সাক্ষাৎকারের কথা মনে করিয়ে জেরার প্রয়োজন নেই।শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশের জন্য দিন ধার্য করেন। এরপর এই মামলার তদন্ত কর্মকর্তাকে ১৩তম দিনের মতো জেরা করেন মিজানুল ইসলাম। জেরা অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।সিরাজুল ইসলামকে জেরা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী সিরাজুল ইসলাম ওরফে সিরু বাঙালিকে গতকাল দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক। জেরায় এক প্রশ্নের জবাবে সিরাজুল বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে তিনি সাকা চৌধুরী ও সৈয়দ ওয়াহিদুল আলমকে হত্যা করতে অ্যামবুশ করলেও ব্যর্থ হয়েছিলেন। আর মীর কাশেম আলীকে হত্যার পরিকল্পনা করেছিলেন, কিন্তু শহর পর্যন্ত আসতে না পারায় পরিকল্পনা সফল হয়নি।জেরার সময় সাকা চৌধুরী আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আহসানুলের আরেকটি প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, একাত্তরের ১৩ জুন এ কে এম ফজলুল কবীর চৌধুরীর বাসায় তিনি গ্রেনেড হামলা করেছিলেন। ফজলুল কবীরের ছেলে এ বি এম ফজলে করিম চৌধুরী বর্তমানে সাংসদ। একাত্তরের ২৫ ডিসেম্বর দক্ষিণ আশিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে ভারতীয় সেনারা সাক্ষীকে গ্রেপ্তার করেছিল কি না—এ প্রশ্নের জবাবে সাক্ষী ‘হ্যাঁ’ সূচক জবাব দেন। তিনি বলেন, বিষয়টি তাঁর লেখা বইয়ে আছে। তাঁকে গ্রেপ্তারের কারণ সম্পর্কে তিনি আইনজীবীকে প্রশ্ন করতে বলেন। তবে আইনজীবী এ বিষয়ে প্রশ্ন করেননি।এ মামলার তদন্ত কর্মকর্তা এবং ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষীর জবানবন্দি দুটির মধ্যে বিভিন্ন অসামঞ্জস্য তুলে ধরে প্রশ্ন করেন আহসানুল হক। বেশির ভাগ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, তদন্ত কর্মকর্তার কাছে তিনি এসব বলেছিলেন কি না, তা তাঁর মনে নেই।সিরাজুল ইসলামকে আজ আবার জেরা করবে আসামিপক্ষ।ভৌত অবকাঠামোগত সমস্যা জানালেন আইনজীবী: কার্যক্রমের শুরুতে আহসানুল হক ট্রাইব্যুনাল ভবনের ভৌত অবকাঠামোগত সমস্যা জানান ট্রাইব্যুনালকে। তিনি বলেন, আসামিপক্ষের আইনজীবীদের কক্ষ ও শৌচাগার খুব নিম্নমানের। তিনি এগুলো সংস্কারের জন্য ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর বক্তব্যের সঙ্গে একমত হয়ে ট্রাইব্যুনাল বলেন, শৌচাগারসহ অন্যান্য ভৌত অবকাঠামোগত অবস্থা ভালো করার চেষ্টা চলছে। দুটি ট্রাইব্যুনাল হয়েছে, কিন্তু আর কিছু হয়নি।মুজাহিদকে অব্যাহতির আবেদনের শুনানি: জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ থেকে অব্যাহতির আবেদনের ওপর গতকাল যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রাজ্জাক বলেন, মুজাহিদের বিরুদ্ধে রাজনৈতিক কারণে অভিযোগ আনা হয়েছে। ১৯৯৫ ও ১৯৯৬ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে সরকারবিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী একসঙ্গে কাজ করেছে এবং একাধিক বৈঠক করছে। সেখানে মুজাহিদ জামায়াতের প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু এখন জামায়াত রাজনৈতিকভাবে বিরোধী দল হওয়ায় তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, শুধু মুখের কথায় কাউকে আলবদর নেতা বানানো যায় না। এর পক্ষে সুনির্দিষ্ট তথ্য রাষ্ট্রপক্ষ উপস্থাপন করতে পারেনি। আজ আসামিপক্ষ আবারও যুক্তি উপস্থাপন করবে।