মানবতাবিরোধী অপরাধের বিচার: কামারুজ্জামানের বিরুদ্ধে মামলা
রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু রোববার
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য রোববার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তবে ট্রাইব্যুনাল বলেছেন, সেদিন আসামিপক্ষ শেষ সাফাই সাক্ষী হাজির করলে তাঁর সাক্ষ্য নেওয়া হবে।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল বৃহস্পতিবার এ দিন ধার্য করেন। এ নিয়ে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলা যুক্তি উপস্থাপন পর্যায়ে পৌঁছাল। ট্রাইব্যুনাল-১-এ জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মামলায় যুক্তি উপস্থাপন চলছে।এ ছাড়া জামায়াতের সাবেক সদস্য আবুল কালাম আযাদ, বর্তমান সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলায় যুক্তি উপস্থাপন শেষে রায় ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। এ তিনটির মধ্যে প্রথম দুটির রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল-২ এবং অপরটির রায় দেন ট্রাইব্যুনাল-১। রায়ে পলাতক আযাদ ও সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ এবং কাদের মোল্লার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়।কামারুজ্জামানের বিরুদ্ধে মামলায় গতকাল ছিল আসামিপক্ষের পঞ্চম ও শেষ সাক্ষীকে হাজিরের শেষ ধার্য দিন। ট্রাইব্যুনাল গত বুধবার আসামিপক্ষকে সাক্ষী হাজিরে শেষ সুযোগ দিয়ে এ দিন ধার্য করেছিলেন। কিন্তু গতকালও তাঁরা সাক্ষীকে হাজির করতে পারেননি। আসামিপক্ষের আইনজীবী এহসান এ সিদ্দিক সাক্ষী হাজিরের জন্য আবারও সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল বলেন, রোববার রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করা হলো। ওই দিন আসামিপক্ষ সাক্ষী হাজির করতে পারলে সাক্ষ্য নেওয়া হবে।এ মামলায় ১৩ মার্চ আসামিপক্ষের চতুর্থ সাক্ষী হিসেবে কামারুজ্জামানের বড় ভাই কফিল উদ্দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এর পর গতকাল পর্যন্ত তিন দফায় সময় দেওয়া হলেও আসামিপক্ষ শেষ সাফাই সাক্ষীকে হাজির করতে পারেনি।কামারুজ্জামানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আসামিপক্ষ যুক্তি দেবে। এর পর রায় ঘোষণা করা হবে।এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের ১৮ জন সাক্ষী সাক্ষ্য দেন। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আসামিপক্ষের এক হাজার ৩৫৪ জন সাক্ষীর তালিকা থেকে প্রথমে সাফাই সাক্ষীর সংখ্যা চারজনে সীমাবদ্ধ করে দেন। পরে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সাফাই সাক্ষী আরেকজন বাড়ানো হয়।ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা মামলায় ২০১০ সালের ২৯ জুলাই কামারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ২ অক্টোবর তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০১১ সালের ১১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১-এ তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। ওই বছরের ১৬ এপ্রিল মামলাটি ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়। মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগে গত বছরের ৪ জুন এ ট্রাইব্যুনালে কামারুজ্জামানের বিচার শুরু হয়। ২ জুলাই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয় ৬ মার্চ।