জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ৭ জানুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল যুক্তি উপস্থাপন শেষ করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। এ সময় কাদের মোল্লা আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।যুক্তি উপস্থাপনকালে মোহাম্মদ আলী বলেন, আসামি কাদের মোল্লা নিজেই আসামিপক্ষের প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দিতে বলেছেন, তিনি ফরিদপুরের রাজেন্দ্র কলেজে ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ইসলামী ছাত্র সংঘ (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) করতেন। তিনি আরও বলেছেন, একাত্তরে তিনি গ্রামে থাকতেন। কিন্তু আসামিপক্ষের সাক্ষী বলেছেন, কাদের মোল্লা একাত্তরে ধলা মিয়ার বাড়িতে থাকতেন। ফলে উভয় পক্ষের এই বক্তব্য সাংঘর্ষিক।কৌঁসুলি আরও বলেন, আসামিপক্ষের সাক্ষ্যে বলা হয়েছে, একাত্তরে কাদের মোল্লা বাজারে ব্যবসা করতেন, কিন্তু সেই বাজারের কাউকে আসামিপক্ষের সাক্ষী হিসেবে হাজির করা হয়নি। এমনকি কাদের মোল্লার সাক্ষ্যে ফরিদপুরের আওয়ামী লীগের তৎকালীন যেসব নেতার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের যে ছাত্রনেতাদের কথা বলেছেন, তাঁদেরও এই মামলায় আসামিপক্ষের সাক্ষী করা হয়নি।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, আসামিপক্ষের চতুর্থ সাক্ষী মোছাম্মৎ সাহেরা বলেছেন, ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার আগে তিনি কাদের মোল্লার নামই শোনেননি। অথচ তিনি সাক্ষ্যে বলেছেন, এখানে সাক্ষ্য দেওয়ার তিন-চার দিন আগে কাদের মোল্লার ছেলে তাঁকে আসামিপক্ষের হয়ে সাক্ষ্য দিতে বলেছেন।যুক্তি উপস্থাপনের শেষ পর্যায়ে মোহাম্মদ আলী ঘটনার ৪০ বছর পর মামলার কার্যক্রম শুরু হওয়ার ব্যাপারে যুক্তি দেন।রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আসামিপক্ষের আইনজীবীরা যুক্তি উপস্থাপনের জন্য সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল ৭ জানুয়ারি পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি করেন। রাষ্ট্রপক্ষ ১৭ ডিসেম্বর যুক্তি উপস্থাপন শুরু করে।ট্রাইব্যুনাল গত ২৮ মে কাদের মোল্লার বিরুদ্ধে ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করেন। এই মামলায় রাষ্ট্রপক্ষের ১২ জন এবং আসামিপক্ষের ছয়জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।ফয়েজ উদ্দিনকে জেরা: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী ফয়েজ উদ্দিন আহমেদকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। এ সময় মুজাহিদ আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।জেরায় আসামিপক্ষের আইনজীবীর বেশির ভাগ প্রশ্ন ছিল ফরিদপুরে সাক্ষীর গ্রামের আশপাশের বিভিন্ন স্থানের অবস্থান-সম্পর্কিত। জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম ৩ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।বিউটি খানমকে জেরা: একই ট্রাইব্যুনালে বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী বিউটি খানমকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন। জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম ২ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়।