রাষ্ট্রপক্ষের সাক্ষী সাক্ষ্য দিলেন আসামিপক্ষে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার আসামিপক্ষের চতুর্থ সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন মোছাম্মত্ সাহেরা। তিনি এই মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সাক্ষীর তালিকায় ছিলেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ সাহেরার জবানবন্দি নেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবাহান তরফদার। এ সময় আসামির কাঠগড়ায় কাদের মোল্লা উপস্থিত ছিলেন।আসামিপক্ষ রাষ্ট্রপক্ষের তালিকাভুক্ত সাক্ষী সায়েরাকে তাদের পক্ষের সাক্ষী হিসেবে সাক্ষ্য গ্রহণের জন্য আবেদন জানান। এ বিষয়ে উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল এক আদেশে তাঁর সাক্ষ্য গ্রহণের অনুমতি দেন। একই সঙ্গে ট্রাইব্যুনাল বলেন, আসামিপক্ষে যে ছয়জনের সাক্ষ্যের অনুমতি দেওয়া হয়েছে এই সাক্ষী ওই ছয়জনের অন্তর্ভুক্ত হবে।সাক্ষ্যে মোছাম্মাত্ সাহেরা বলেন, তাঁর স্বামীর নাম ফজর আলী। একাত্তরে তিনি তাঁর স্বামীর বাড়িতে অন্য সদস্যদের নিয়ে মিরপুরের পল্লবীতে থাকতেন। তাঁর দেবরের নাম টুনটুনি। তিনি পল্লব নামেও পরিচিত ছিলেন। যুদ্ধকালে তাঁরা মিরপুর থেকে সাভারে চলে যান। পল্লব ওই সময় মিরপুর বাঙলা কলেজের ছাত্র। পল্লব মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। যুদ্ধকালে তাঁকে নবাবপুর থেকে ধরে এনে আক্তার গুন্ডা ও বিহারিরা মিরপুরের মুসলিম ঈদগাহ মাঠে নিয়ে হত্যা করে। যুদ্ধের পরে সাভার থেকে মিরপুরে এলে তিনি বিভিন্ন মানুষের কাছে এ কথা শোনেন। জবানবন্দির শেষ পর্যায়ে তিনি বলেন, তিনি এর আগে এ বিষয়ে কারও কাছে সাক্ষ্য দেননি। সাক্ষ্য শেষে সাক্ষীকে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী।