রাষ্ট্রপক্ষের ২৫ সাক্ষীর নিরাপত্তা চেয়েছে তদন্ত সংস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবিরসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ ২৫ সাক্ষীর নিরাপত্তা জোরদার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা।স্বরাস্ট্র মন্ত্রণালয় ও তদন্ত সংস্থা সূত্র জানায়, তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান স্বরাষ্ট্রসচিবের কাছে পাঠানো চিঠিতে এই সাক্ষীদের সার্বিক নিরাপত্তা চান। প্রয়োজনে সার্বক্ষণিক নিরাপত্তারক্ষী দেওয়ার জন্য স্থানীয় সুরক্ষা কমিটিকে নির্দেশ দেওয়ারও অনুরোধ জানান। সংশ্লিষ্ট সূত্র জানায়, ট্রাইব্যুনালের চারটি মামলার তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খান তদন্ত সংস্থার সমন্বয়কের কাছে এর আগে তাঁদের নিরাপত্তা চেয়ে চিঠি পাঠান।যাঁদের নিরাপত্তা চাওয়া হয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে সাক্ষ্যদানকারী শাহরিয়ার কবির, সাংবাদিক শাহীন রেজা নূর ও মাহবুব কামাল, এ কে এম হাবিবুল হক, মো. এজাবউদ্দীন, আমেনা খাতুন, ড. স্বপন কুমার বিশ্বাস, নারায়ণ চন্দ্র সরকার, ফয়েজউদ্দিন আহমেদ, চিত্তরঞ্জন সাহা, আ. মালেক মিয়া, রণজিত নাথ, মীর লুৎফর রহমান। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মোজাফফর আহমেদ খান, সৈয়দ শহিদুল হক, মোমেনা বেগম, কবি কাজী রোজী, খন্দকার আবুল আহসান, মো. সফিউদ্দিন মোল্লা, আবদুল মজিদ পালোয়ান, নূরজাহান, আমীর হোসেন মোল্লা, সৈয়দ আবদুল কাইয়ুম। এ ছাড়া মুজাহিদ ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে দুই মামলায় সাক্ষ্য দিয়েছেন জহির উদ্দিন জালাল এবং রুস্তম আলী মোল্লা। তাঁদের সবার নিরাপত্তা জোরদার করার কথা বলা হয়েছে চিঠিতে।জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর প্রথম আলোকে বলেন, ‘সাক্ষীদের নিরাপত্তা জোরদারের জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছি। এ ক্ষেত্রে কেউ দায়িত্বে অবহেলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নানের পাঠানো চিঠিতে জানানো হয়, ইতিমধ্যে একজন সাক্ষীর ভাইকে হত্যা করা হয়েছে। সাক্ষীর পরিবার এবং তাঁদের আত্মীয়দের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এবং বর্তমান প্রেক্ষাপট চলতে থাকলে সাক্ষীরা সাক্ষ্যদানে অনীহা প্রকাশ করবেন। ইতিমধ্যে তাঁদের অনাগ্রহতার কিছু কিছু লক্ষণও দেখা যাচ্ছে। তদন্ত সংস্থার সহ-সমন্বয়ক সানাউল হক আরেক চিঠিতে জানান, জেলা প্রশাসকেরা তাঁদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন না। গত ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা সাক্ষী সুরক্ষা ও কল্যাণ কমিটির সভায় ব্যক্তিগতভাবে অনুরোধ করা সত্ত্বেও জেলা প্রশাসক উপস্থিত থাকার প্রযোজনীয়তা বোধ করেননি। যদিও চট্টগ্রাম জেলায় অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলার সাক্ষীরা সবচেয়ে বেশি নিরাপত্তাজনিত সমস্যায় রয়েছেন। প্রতি মাসে সভা করার মন্ত্রণালয়ের নির্দেশ থাকা সত্ত্বেও বেশির ভাগ জেলায় তা করা হয় না এবং সাক্ষীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখা হয় না। সানাউল হক বলেন, যেহেতু সাক্ষী সুরক্ষা কমিটির প্রধান জেলা প্রশাসক, তাই তাঁদের সহায়তাই সবচেয়ে বেশি জরুরি। ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, সাক্ষী সুরক্ষা আইন না করে সাক্ষীদের সুরক্ষার জন্য জেলা প্রশাসকদের দায়িত্ব দেওয়া হয়েছে। সাক্ষীরা জামায়াতের যে নৃশংসতা দেখছেন, তাতে তাঁরা অত্যন্ত ভীত। প্রতিনিয়ত তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। নির্মূল কমিটিসহ বিভিন্ন মহল থেকে তিন বছর ধরে সাক্ষী সুরক্ষা আইন করার জন্য বলা হচ্ছিল। কিন্তু স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় এ জন্য একে অপরের ওপর দায়ভার চাপালেও আইনটি আর করা হয়নি। আবার তদারকের জন্য একটি কমিটি করা হলেও তিন বছরে মাত্র একবার বৈঠক হয়েছে। এ-সংক্রান্ত তদারকি সেলের কেন্দ্রীয় কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকার বলেন, সাক্ষীরা তদন্তকারী সংস্থার কাছে কোনো প্রকার শঙ্কা প্রকাশ করে অভিযোগ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের পাশে থাকবেন।