রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীদের বেতন বৃদ্ধিসংক্রান্ত ছয়টি বিল সংসদে পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিচারপতি, মন্ত্রী ও সাংসদদের বেতন-ভাতা বৃদ্ধিসংক্রান্ত ছয়টি বিল গতকাল রোববার জাতীয় সংসদে পাস হয়েছে। বিকেলে সংসদকাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও আইনমন্ত্রী শফিক আহমেদ বিলগুলো আলাদাভাবে সংসদে উপস্থাপন করেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদে বিলগুলো পাসের সময় সংসদকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন। খালেদা জিয়া টানা দেড় মাস পর গতকাল সন্ধ্যার পর সংসদের অধিবেশনে যোগ দেন। চলতি অধিবেশনে এ নিয়ে তিনি দুই দিন সংসদের অধিবেশনে যোগ দিলেন। বিলগুলো পাস হওয়ায় নতুন কাঠামোতে রাষ্ট্রপতি বেতন পাবেন ৬১ হাজার ২০০ টাকা, যা আগে ছিল ৩৩ হাজার ৪০০ টাকা। প্রধানমন্ত্রীর বেতন ৩২ হাজার টাকার স্থলে করা হয়েছে ৫৮ হাজার ৬০০ টাকা। স্পিকারের বেতন ৩১ হাজার থেকে বাড়িয়ে ৫৭ হাজার ২০০ টাকা করা হয়েছে। এ ছাড়া ডেপুটি স্পিকারদের বেতন ৫৩ হাজার ১০০ ও প্রধান বিচারপতির বেতন ৫৬ হাজার টাকা করা হয়েছে। মন্ত্রীদের বেতন ২৯ হাজার থেকে বাড়িয়ে ৫৩ হাজার ১০০, প্রতিমন্ত্রীদের ৪৭ হাজার ৮০০ (আগে ছিল ২৬ হাজার ১০০ টাকা), উপমন্ত্রীদের বেতন ২৪ হাজার ৬৫০ টাকার স্থলে ৪৫ হাজার ১৫০, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিদের বেতন ২৯ হাজার থেকে বাড়িয়ে ৫৩ হাজার ১০০ এবং হাইকোর্টের বিচারপতিদের বেতন ২৭ হাজার থেকে বাড়িয়ে ৪৭ হাজার টাকা করা হয়। আবদুল মতিন খসরু বিচারপতিদের বেতন ৪৯ হাজার টাকা করার একটি সংশোধনী প্রস্তাব আনলে তা গৃহীত হয়।সাংসদদের বেতন ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২৭ হাজার ৫০০ টাকা। গত ৮ মার্চ মন্ত্রিসভার বৈঠকে ছয়টি অধ্যাদেশে সংশোধনী এনে রাষ্ট্রের সর্বোচ্চ পদধারীদের বেতনের নতুন এ কাঠামো অনুমোদন করা হয়। ২২ মার্চ বিলগুলো সংসদে উপস্থাপন করা হয়। পরে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি বিলগুলো পরীক্ষা-নিরীক্ষার পর বৃহস্পতিবার প্রতিবেদন পেশ করে।রাষ্ট্রপতির বেতন-ভাতা বাড়ানোর বিল উত্থাপন করে মতিয়া চৌধুরী বলেন, পরিবর্তিত অর্থনৈতিক অবস্থা এবং জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ অন্যদের বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।সাংসদদের বেতন-ভাতা বৃদ্ধির বিল উত্থাপন করে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, বিরোধী দল না চাইলে বর্ধিত বেতন না নিতে পারে। তবে বাস্তবতা বিবেচনা করেই এসব বিল আনা হয়েছে। প্রয়োজনে বিরোধী দলের সদস্যরা এ নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা করতে পারেন।বিএনপির আবুল খায়ের ভূঁইয়া, জাফরুল ইসলাম চৌধুরী, শহীদউদ্দিন চৌধুরী ও আশিফা আশরাফী এবং স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম উচ্চ আদালতের বিচারপতিদের বেতন বৃদ্ধিসংক্রান্ত বিল ছাড়া বাকি পাঁচটি বিলের ওপর জনমত যাচাইয়ের প্রস্তাব তুলে আপত্তি আনেন। এসব আপত্তি পরে কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।