রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বেতন ৮৩ শতাংশ বেড়েছে
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও সাংসদদের বেতন ৮৩ শতাংশ বেড়েছে। এ সংক্রান্ত কয়েকটি আইন আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।আবুল কালম আজাদ বলেন, ২০০৯ সালের সর্বশেষ বেতন কাঠামো বাস্তবায়ন করা হয়েছে। তাতে সচিব পর্যায়ের কর্মকর্তাদের বেতন ৮৩ শতাংশ বেড়েছে। তার সঙ্গে সংগতি রেখেই মন্ত্রিসভা বেতন বাড়ানোর এ সিদ্ধান্ত অনুমোদন করে।রাষ্ট্রপতির বর্তমান বেতন ৩৩ হাজার ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৬১ হাজার ২০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রীর বর্তমান বেতন ৩২ হাজার টাকা, প্রস্তাবিত বেতন ৫৮ হাজার ৬০০ টাকা। মন্ত্রীদের বর্তমান বেতন ২৯ হাজার টাকা, প্রস্তাবিত ৫৩ হাজার ১০০ টাকা। প্রতিমন্ত্রীদের বর্তমান বেতন ২৬ হাজার ১০০ টাকা, প্রস্তাবিত ৪৭ হাজার টাকা। উপমন্ত্রীদের বর্তমান বেতন ২৪ হাজার ৬৫০ টাকা, প্রস্তাবিত ৪৫ হাজার ১৫০ টাকা। স্পিকারের বর্তমান বেতন ৩১ হাজার টাকা, প্রস্তাবিত ৫৭ হাজার ১০০ টাকা। ডেপুটি স্পিকারের বর্তমান বেতন ২৯ হাজার টাকা, প্রস্তাবিত ৫৩ হাজার ১০০ টাকা। প্রধান বিচারপতির বর্তমান বেতন ৩০ হাজার ৫০০ টাকা, প্রস্তাবিত ৫৬ হাজার টাকা। আপিল বিভাগের বিচারপতিদের বর্তমান বেতন ২৯ হাজার টাকা, প্রস্তাবিত ৫৩ হাজার ১০০ টাকা। হাইকোর্ট বিভাগের বিচারপতিদের বর্তমান বেতন ২৭ হাজার টাকা, প্রস্তাবিত বেতন ৪৭ হাজার টাকা। সাংসদদের বর্তমান বেতন ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৭ হাজার ৫০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।