রাষ্ট্রপতি অন্যায় করেননি: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত লক্ষ্মীপুরে বিএনপির নেতা ও আইনজীবী নুরুল ইসলামের হত্যা মামলার আসামি এ এইচ এম বিপ্লবের মৃত্যুদণ্ডাদেশ মওকুফের ব্যাপারে বলেছেন, এ ধরনের ব্যাপার স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে যখন রাষ্ট্রপতির কাছে আসে তখন তাঁকে সই করতেই হয়। তাই বিপ্লবের মৃত্যুদণ্ডাদেশ মওকুফ করে রাষ্ট্রপতি কেবল সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। তিনি কোনো অন্যায় করেননি।সুরঞ্জিত বলেন, রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান। তাই তাঁর কোনো সমালোচনা করা যায় না। তাঁকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করাবেন না। আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যায়বিচার ও গণতন্ত্র সুরক্ষা নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।সুরঞ্জিত বলেন, এ ব্যাপারে কারও যদি কোনো বক্তব্য থাকে তা হলে কোর্টে যেতে পারেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে সুরঞ্জিত বলেন, এ ধরনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই তাদের আইন মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করা উচিত। রাষ্ট্রপতিকে এ ধরনের কোনো বিষয়ে তাঁর ক্ষমতা প্রয়োগ করানোর আগে ভাবতে হবে এবং অত্যন্ত সুচিন্তিতভাবে তাঁর কাছে এ বিষয়গুলো তুলে ধরতে হবে। বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে সুরঞ্জিত বলেন, সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ধারা অনুযায়ী রাষ্ট্রপতি যেকোনো সাজাপ্রাপ্ত আসামিকে ক্ষমা করতে পারেন অথবা তাঁর সাজা কমাতে পারেন। এ ব্যাপারে রাষ্ট্রপতিকে সংবিধান অনেক ক্ষমতা দিয়েছে। রাষ্ট্রপতি বিপ্লবকে ক্ষমা করে কোনো অন্যায় করেননি বলে তিনি মন্তব্য করেন।প্রসঙ্গত, ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর রাতে বিএনপির নেতা ও আইনজীবী নুরুল ইসলামকে লক্ষ্মীপুরের বাসা থেকে অপহরণ ও পরে হত্যা করা হয়। এর পরের দিন এ ঘটনায় হত্যা মামলা হয়। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের তত্কালীন বিচারক এম হাসান ইমাম ২০০৩ সালের ৯ ডিসেম্বর মামলার রায় দেন। রায়ে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের ছেলে এ এইচ এম বিপ্লব ও তাঁর ভাই আবদুল জব্বারসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড, বিপ্লবের আরেক ভাই টিপুসহ নয়জনকে যাবজ্জীবন এবং দুজনকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। বিপ্লবের বাবা আবু তাহেরের প্রাণভিক্ষা চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বিপ্লবের সাজা মওকুফ করেন। ১৪ জুলাই এ সাজা মওকুফের আদেশ কার্যকর হয়।