রাষ্ট্রপতি আরও ছয় দলকে সংলাপে ডেকেছেন
রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়োগ দিতে আরও ছয় রাজনৈতিক দলকে সংলাপে ডেকেছেন। ২২ ডিসেম্বর বঙ্গভবনে এই সংলাপ শুরু হবে। প্রথম দিন বেলা ১১টায় এরশাদের জাতীয় পার্টি ও দুপুর ১২টায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ অনুষ্ঠিত হবে।রাষ্ট্রপতির প্রেস সচিব এ কে এম নেসারউদ্দিন ভূঁইয়া বাসসকে বলেন, ‘আরও ছয়টি রাজনৈতিক দলকে আগামী সপ্তাহে সংলাপে যোগ দিতে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।’দলগুলো হলো বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ সাম্যবাদী দল ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট।সময়সূচি অনুযায়ী রাষ্ট্রপতি ২৬ ডিসেম্বর বেলা ১১টায় ওয়ার্কার্স পার্টি ও দুপুর ১২টায় জাতীয় পার্টির সঙ্গে, ২৭ ডিসেম্বর বেলা ১১টায় এলডিপি ও ১২টায় সিপিবির সঙ্গে এবং ২৯ ডিসেম্বর বেলা ১১টায় বাংলাদেশ সাম্যবাদী দল ও দুপুর ১২টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সঙ্গে সংলাপে বসবেন।আগামী ৪ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা ও নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং ১৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার এম শাখাওয়াত হোসেনের পাঁচ বছর মেয়াদ শেষ হতে চলেছে। বাসস।