রাষ্ট্রপতি ক্ষমা করে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুনের মামলায় ফাঁসির দণ্ড থেকে মুক্তি পাওয়া ২০ জনের মধ্যে ১৪ জন ঢাকা ও রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়ে গতকাল মঙ্গলবার নাটোরে নিজ বাড়িতে পৌঁছেছেন। বিকেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এবং আওয়ামী লীগের স্থানীয় নেতারা স্থানীয় সার্কিট হাউসে তাঁদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।রাষ্ট্রপতি জিল্লুর রহমান ফাঁসির দণ্ড মওকুফ করায় নাটোরের গামা হত্যা মামলার ১০ আসামি সোমবার রাত ১২টা ৫০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান। গতকাল দুপুরে তাঁরা নাটোরে এসে পৌঁছান। আর রাজশাহী কারাগার থেকে গতকাল সকালে চার আসামিকে ছেড়ে দেওয়া হয়। তাঁরাও বিকেলে নাটোর সার্কিট হাউসে উপস্থিত হন। তাঁদের বরণ করতে গিয়ে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। আহাদ আলী সরকার কারামুক্ত ব্যক্তিদের উদ্দেশে বলেন, তৎকালীন জোট সরকারের জুলুমবাজ নেতা-কর্মীরা আপনাদের ওপর যে নির্যাতন চালিয়েছিল, তা ভাষায় প্রকাশ করা যায় না। মিথ্যা মামলা দিয়ে আপনাদের জীবনের মূল্যবান সময় নষ্ট করেছে। জননেত্রী শেখ হাসিনা ও মহামান্য রাষ্ট্রপতি আপনাদের দণ্ড মওকুফ করে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। আপনারা তাঁদের হাতকে শক্তিশালী করবেন এবং জুলুমবাজদের বিরুদ্ধে সোচ্চার হবেন। কাল বৃহস্পতিবার বিকেলে রামশাকাজিপুর গ্রামে মুক্তি পাওয়া ব্যক্তিদের গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে।দণ্ড মওকুফ পাওয়া বাকি ছয়জন আবুল হোসেন, আতাউর রহমান, আশরাফ হোসেন, ওহিদুর রহমান, ফররউদ্দিন ও সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে অন্য মামলা থাকায় তাঁরা রাজশাহী কারাগার থেকে ছাড়া পাননি।গামা হত্যার পর যা ঘটেছিল: ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারি বিকেলে সাব্বির আহম্মেদ ওরফে গামা খুন হন নিজ বাড়ির অদূরে কামারপাড়া মোড়ে। ঘটনাস্থলের পাশেই ছিল অস্থায়ী পুলিশ ফাঁড়ি। দুর্বৃত্তরা প্রকাশ্য দিবালোকে গামাকে হত্যা করে সর্বহারাদের নামে স্লোগান দিতে দিতে চলে যায়। গামা তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা।এ হত্যাকাণ্ডের পরপরই গামার সহকর্মী বিএনপির ক্যাডাররা শাহপাড়ায় হামলা চালায়। পুলিশের উপস্থিতিতে তিন দিন ধরে তারা শাহপাড়া গ্রামে ও পাশের আমতলী বাজারে অর্ধশতাধিক বসতবাড়ি ও দোকানঘর গানপাউডার দিয়ে জ্বালিয়ে দেয়। দমকল বাহিনীর কর্মীদেরও সেখানে যেতে দেওয়া হয়নি। এর আগে তারা প্রতিটি বাড়িতে বেপরোয়া লুটপাট করে। ঘরের টিন থেকে শুরু করে ইট পর্যন্ত খুলে নেওয়া হয়। গৃহপালিত পশুপাখি জবাই করে দৃর্বৃত্তরা বনভোজন করে। ঘটনার তিন দিন পর ১০ ফেব্রুয়ারি সকালে গ্রামের এক গৃহবধূ সন্ত্রাসীদের ভয়ে স্থানীয় কবরস্থানে আশ্রয় নেন। সন্ত্রাসীরা সেখান থেকে তাঁকে তুলে এনে নির্যাতন চালায়। সন্ত্রাসীদের দাপটে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে গ্রামের কেউ বাড়িতে ফিরে যেতে পারেনি। সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আদালতে ২৬টি মামলা করলেও পুলিশ প্রভাবিত হয়ে প্রতিটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয় বলে অভিযোগ রয়েছে।ক্ষতিগ্রস্ত শাহ পরিবারের সন্তান নাটোর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, ‘বিএনপি জোট সরকারের ক্যাডারদের তাণ্ডবে গোটা শাহপাড়া ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তিন মাস ধরে বাড়িঘরের ধ্বংসাবশেষে আগুন জ্বলেছে। দুলুর লোকজন আমাদের মাঠের শত শত বিঘার ফসল লুটপাট করেছে। দুই বছর ধরে আমরা মাঠে নামতে পারিনি। ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল। আর্থিকভাবে যে ক্ষতি হয়েছে তা আগামী ২০ বছরেও পূরণ করা যাবে না।’একই পরিবারের ১৩ জনের মৃত্যুদণ্ডাদেশ: গামা খুনের মামলায় ২০০৬ সালের ২৪ আগস্ট ঢাকার দ্রুত বিচার আদালতের বিচারক ফিরোজ আলম একই পরিবারের ১৩ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন নলডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজ, তাঁর সহোদর ফজলুল হক শাহ, ফারুক শাহ, ফরমাজুল শাহ, ফকরউদ্দিন ওরফে ফুটু মাস্টার, চাচা আনিসুর রহমান শাহ, চাচাতো ভাই ফয়সাল শাহ, সেন্টু শাহ, জহুরুল শাহ, জাহেদুল ইসলাম, শাজাহান শাহ, ভাতিজা সাজ্জাদ শাহ ও সোহাগ শাহ। তাঁরা সবাই নাটোর সদর উপজেলার রামশাকাজিপুর গ্রামের শাহ পরিবারের সদস্য।এস এম ফিরোজ স্থানীয় একটি কলেজে শিক্ষকতা করতেন। ঘটনার অনেক আগে থেকে তিনি সস্ত্রীক নাটোর শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। তাঁর চাচাতো ভাই আনিসুর রহমান শাহ ২০০২ সালের ২৭ মে থেকে সপরিবারে নারায়ণগঞ্জে বসবাস করতেন। আনিসুর রহমান শাহ বলেন, ‘রামশাকাজিপুর গ্রামের একপ্রান্তে দুলুর তালুকদার পরিবার, অন্যপ্রান্তে আমাদের শাহ পরিবারের লোকজন বসবাস করতাম। গামা খুন হওয়ার অনেক আগে থেকে তালুকদার পরিবারের লোকজন আমাদের ওপর নির্যাতন করত। সামাজিক শান্তির জন্য আমরা বিবাদে জড়াতাম না। ২০০৭ সালের শুরুতে তালুকদার পরিবারের লোকজন ক্ষমতার জোরে আমার ১১ বিঘা জমির পাকা ধান কেটে নেয়। তখন নিরুপায় হয়ে আমি আমার ছেলেদের নিয়ে গ্রাম ছেড়ে নারায়ণগঞ্জে চলে যাই। কিন্তু তাতেও আমি ও আমার ছেলেরা রেহাই পাইনি। গামা হত্যা মামলায় আক্রোশবশত আমাদের আসামি করা হয়েছে।’ মামলার ২ নম্বর আসামি এস এম ফিরোজ বলেন, ‘আমরা বরাবরই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। আর দুলুর পরিবার মুসলিম লীগ থেকে বিএনপি দলের সঙ্গে যুক্ত। তাই রাজনৈতিক প্রতিহিংসায় আমার পরিবারকে মামলায় জড়িত করে মিথ্যা সাক্ষীর ভিত্তিতে সাজানো বিচার করা হয়েছিল। আমরা এই রায় মেনে নিতে পারিনি। ন্যায়বিচারের আশায় অপেক্ষা করেছি। মহামান্য রাষ্ট্রপতি আমাদের ক্ষমা করে দিয়েছেন। আমরা এ জন্য চিরকৃতজ্ঞ।’দুজন সন্ত্রাসীও এ মামলা থেকে রেহাই পেলেন: রাষ্ট্রপতির ক্ষমায় নিষিদ্ধ সংগঠনের দুই শীর্ষ সন্ত্রাসীও রেহাই পেলেন। এঁরা হলেন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি (এম-এল) লাল পতাকার সদস্য আতাউর রহমান ও আশরাফ হোসেন। পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, আতাউর রহমানের বিরুদ্ধে নলডাঙ্গার মাজেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ ও একটি অস্ত্র মামলায় ৪৮ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ রয়েছে। আশরাফ হোসেনের বিরুদ্ধেও একটি অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডাদেশ রয়েছে। দণ্ডাদেশ বহাল থাকায় তাঁরা রাষ্ট্রপতির ক্ষমা সত্ত্বেও রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পাননি।এ ব্যাপারে রুহুল কুদ্দুস তালুকদার বলেন, ‘নিম্ন আদালতের রায়ে কিছু নিরাপরাধ মানুষ শাস্তি পেতেও পারেন। তাঁরা উচ্চ আদালতে আপিলের মাধ্যমে খালাস পেতে পারতেন। এতে আমাদের কোনো আক্ষেপ থাকত না। কিন্তু আতাউর ও আশরাফের মতো ভয়ংকর সন্ত্রাসীরা রাজনীতিবিদদের ছত্রছায়ায় ও সহযোগিতায় হত্যা মামলা থেকে মুক্ত হওয়াটা সবার জন্য ক্ষতিকর। এরা সমাজের শত্রু।’