রাষ্ট্রপতি খুনিদের প্রশ্রয় দিচ্ছেন: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতি জিল্লুর রহমান একের পর এক খুনির সাজা মওকুফ করে খুনিদের প্রশ্রয় দিচ্ছেন। দেশের জন্য এটি খারাপ পরিণতি রয়ে আনবে।বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সদ্য কারামুক্ত নূররে সাফাসহ অন্য নেত্রীরা।সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, একজন রাষ্ট্রপতি কখনো কোনো বিশেষ দল বা গোষ্ঠীর অনুগত হতে পারেন না। কিন্তু দেশের মানুষ অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছে বর্তমান রাষ্ট্রপতি দলীয় বিবেচনায় একের পর এক খুনি আসামিকে ক্ষমা করে দিচ্ছেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এর আগেও রাষ্ট্রপতি নাটোরের বহুল আলোচিত গামা হত্যা মামলার ফাঁসির আসামিদের দণ্ড মওকুফ করেন। দলীয় বিবেচনায় আওয়ামী লীগের নেতা ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলের সাজাও মওকুফ করা হয়েছে। এবার দণ্ড মওকুফ করা হয়েছে লক্ষ্মীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে। এই আসামি আওয়ামী লীগের বিতর্কিত নেতা আবু তাহেরের ছেলে। এতে প্রমাণিত হয়েছে রাষ্ট্রপতি খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।এদিকে বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল আলমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবিতে এ কর্মসূচি পালিত হয়।এতে প্রধান অতিথি মির্জা ফখরুল তাঁর বক্তব্যে বলেন, রাষ্ট্রপতি নিরপেক্ষতার শপথ নিয়েও তা ভঙ্গ করেছেন। তিনি আওয়ামী লীগের দলীয় খুনিদের ছেড়ে দিচ্ছেন।