রাষ্ট্রপতি নির্বাচন ও সাংবিধানিক ‘অসততা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতির মৃত্যুতে বাংলাদেশের সহিংস রাজনীতিতে শোক নেমেছে। আর বহুদিন পর নির্বাসিত, একেবারেই ভুলতে বসা রাজনৈতিক শিষ্টাচারের একটু পরশও আমরা পেলাম। বিএনপি রাষ্ট্রপতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে এবং ঢাকায় হরতাল প্রত্যাহার করে নিয়েছে। প্রধানমন্ত্রী এখন কী করবেন?২০ মার্চ রাতে সময় টিভিতে সুরঞ্জিত সেনগুপ্ত বক্তব্য দিচ্ছিলেন। একজন শ্রোতা তাঁকে প্রশ্ন করেন, নতুন যে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন, তাঁকে কি বাছাই করা হবে? নাকি ভোট দিয়ে নির্বাচিত করা হবে? প্রতিবেদকের বিবেচনায় সুরঞ্জিত সঠিক উত্তরটি পাশ কাটান। অথচ উত্তরটি তাঁর খুব জানা। তাঁর বলার কথা, ১৯৯১ সালে বিএনপি আইন করেছিল, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি হবে প্রকাশ্যে। আমরা তখন এর নিন্দা করেছি। বলেছি, সাংসদেরা তাঁদের প্রভুদের দ্বারা চালিত হবেন, বিবেকের দ্বারা হবেন না।উল্লেখ্য, প্রকাশ্যে ভোট কোনো ভোট নয়। এটা গণতন্ত্রের লজ্জা। আওয়ামী লীগ এই মন্তব্য করে ওই আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করে। ওই রিট আবেদনে জিল্লুর রহমান, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী প্রমুখ বিএনপির প্রবর্তিত রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিকে ‘সংবিধানের সঙ্গে অসততা ও সন্ত্রাসের হাতিয়ার’ হিসেবে চিহ্নিত করেছিলেন। শেখ হাসিনা বলেছিলেন, ‘আমরা আপাতত এটা মানলাম।’ সেই আইনের আর পরিবর্তন ঘটেনি। একই পদ্ধতিতে বাংলাদেশ আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে। ৭০ অনুচ্ছেদ রেখে সংসদকক্ষে ভোটের ব্যবস্থাটাই একটা অসততা।অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান সেনগুপ্ত বলছিলেন, সংবিধানের প্রণেতারা রাষ্ট্রপতিকে মাত্র দুটি কাজ দিয়েছেন। প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ করা। আর বাকি সব কাজই প্রধানমন্ত্রীর পরামর্শে করবেন। রাষ্ট্রপতির ক্ষমতা যে ‘মাজার জিয়ারতের’, সেটাও তিনি স্মরণ করেন। অবশ্য এই মন্তব্য জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু এটা পুরো সত্য নয়। অনুকূল সংসদীয় পরিবেশ না থাকলে পুরো সত্য অনুচ্চারিত থাকে। এর অনুশীলন ঘটে না। যেমন প্রয়োজনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অগ্রাহ্য করতে পারেন। সেই অপরাধের বিচার কোনো আদালত করতে পারবেন না। সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতিরা এ ধরনের ঝুঁকি নিয়ে থাকেন যখন দেখেন, ক্ষমতাসীন দল দুর্বল। রাষ্ট্রপতিকে অপসারণের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা সরকারের নেই।অবশ্য রাষ্ট্রপতির স্বাধীন ও সুবিবেচনাপ্রসূত কাজের মধ্যে এ দেশ সহজে চক্রান্তের গন্ধ পায়। উন্নত গণতন্ত্রে এরই নাম সংসদীয় গণতন্ত্রের চর্চা।শেখ মুজিবুর রহমান পাকিস্তানি রাজনীতির ২৩ বছরে ব্যক্তির হাতে যাতে ক্ষমতা কেন্দ্রীভূত না হয়, তার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ১৯৫৬ সালের সংবিধান তৈরির আগে করাচিতে গণপরিষদের ভাষণগুলোতে তিনি ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত করার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন। বাহাত্তরে সংবিধান লিখতে বসে সেই কাজটাই তিনি করেন। এটা না মেনে আমাদের উপায় থাকে না যে মুজিব বাহাত্তরেই সুচিন্তিতভাবে একচ্ছত্র ক্ষমতা নিজের হাতে নেন। পাকিস্তানি কালো ছায়া মুছে দিতে তিনি হয়তো রাষ্ট্রপতিকে নিঃস্ব করেন। তবে সেই নিঃস্ব কপর্দকশূন্য রাষ্ট্রপতিকে নিয়েও মুজিবের ভয় ছিল। তাই তিনি একজন নিরীহ মোহম্মদ উল্লাহকে খুঁজে বের করেন। তিনি ছিলেন সেই গোত্রের, যাকে বলা যায় ‘সেই সাপ জ্যান্ত, গোটা দুই আন তো, করে নাকো ফোঁসফাঁস, মারে না কো ঢুশঢাশ’। মাঝখানে এক-আধটু পরীক্ষা-নিরীক্ষার পর ওই ধারাই এখন দেশের সুশীল সমাজের কাছে সমাদৃত।স্বাধীন বাংলাদেশে রাষ্ট্রপতি পদে অরাজনৈতিক ব্যক্তি নিয়োগে শেখ হাসিনার অসাধারণ ঔদার্য আমরা দেখেছি। তিনি নির্দলীয় ব্যক্তি হিসেবে বিচারপতি সাহাবুদ্দীন আহমদকে নিয়োগ দেন। রাজনীতিক অধ্যাপক বি. চৌধুরীর নিয়োগেও আমরা বেগম খালেদা জিয়ার ঔদার্য দেখেছি। কিন্তু জাতির দুর্ভাগ্য, তাঁরা উভয়েই তিক্ত স্বাদ আস্বাদন করেছেন। এরপর বাংলাদেশে নেমে আসে অধ্যাপক ইয়াজউদ্দিনের যুগ। প্রতিবেশী ভারতে দেখি, পর পর দুজন প্রতিভা পাতিল ও প্রণব মুখার্জি গান্ধী পরিবারের ঘনিষ্ঠ। কিন্তু শুধু সেই বিবেচনায় রাষ্ট্রপতি হননি। বরং প্রণব মুখার্জি, যার প্রধানমন্ত্রী হওয়াই ছিল সব বিচারে যৌক্তিক, সেখানে তিনি অলংকারবহুল রাষ্ট্রপতি পদেই অধিষ্ঠিত হলেন। তবু তাঁর ভাগ্য দেখে বাংলাদেশের অনেক রাজনীতিক ঈর্ষান্বিত হতে পারেন। কারণ, সোনিয়া গান্ধীকে রাজনীতিতে টেনে আনার ক্ষেত্রে অন্যতম মুখ্য অনুঘটকের ভূমিকা পালন করেন প্রণব। অথচ সে জন্য তাঁকে কোনো মাশুল দিতে হয়নি।সংসদীয় শাসনরীতির সঙ্গে তাল রেখে সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে ভেবেচিন্তেই কিছু এখতিয়ার দেয়। জাতীয় সংসদ, নির্বাহী বিভাগ, এমনকি বিচার বিভাগের ত্রুটি-বিচ্যুতির শেষ রক্ষাকবচ রাষ্ট্রপতি। সরকারি দল সংখ্যাগরিষ্ঠতার জোর খাটিয়ে তুঘলকি কোনো কাণ্ড যাতে নির্বিবাদে না ঘটাতে পারে, সে জন্য সেখানে একটা বাঁধ সৃষ্টি করা হয়। কিন্তু তা জনগণের পক্ষে যায়নি। গত এক দশকে দুই প্রধান নেত্রী সংসদ বা সরকার চালাতে গিয়ে এমন কোনো ‘বিচ্যুতি’ ঘটাননি, রাষ্ট্রপতিদের বিবেচনায় যা আপত্তিকর মনে হয়েছে। বলা হয়, সংসদ সরকারপ্রধানের ইচ্ছার বৈধতা দিতে রাবার স্ট্যাম্পের মতো কাজ করে। বঙ্গভবনও কম যায়নি, সংসদকে টেক্কা দিয়েই চলেছে। সোজা কথায়, নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী একজন ব্যক্তিকে সংযত করতে রাষ্ট্রপতি উদাসীন থেকেছেন। অন্তত এমন কিছুই তাঁরা করেননি, যা জনগণ মনে রেখেছে। এমনই একটি রাজনৈতিক পরিবেশে আমরা বাস করছি। এর সঙ্গে অধুনা যুক্ত হয়েছে হানাহানি ও খুনোখুনির পরিবেশ, যেখানে কোনো উচিত-অনুচিত বা নীতিবাক্য উচ্চারণ করাও অর্থহীন।তবে আওয়ামী শিবিরে আপাতত একটা স্বস্তি বইছে যেন। তারা ভাবছে, নতুন রাষ্ট্রপতি পাঁচ বছর থাকতে পারবেন। এই সুযোগ অলৌকিক।বাংলাদেশ হয়তো কোনো ভোটাভুটি ছাড়াই একাদিক্রমে চতুর্থ রাষ্ট্রপতি পেতে চলেছে। বি. চৌধুরী, ইয়াজউদ্দিন ও জিল্লুর রহমানের পরে নতুন একজন। রাষ্ট্রপতি পদের মেয়াদ দলীয় সরকারের মেয়াদের সঙ্গে সম্পর্কিত নয়। এটা প্রমাণ করে যে সংবিধান একজন নিরপেক্ষ ও নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতির আসনে দেখতে চেয়েছে। একান্ত দলীয় ও ব্যক্তিগত আনুগত্যের বিবেচনায় রাষ্ট্রপতি নিয়োগ অবশ্যই সংবিধানের চেতনাবিরুদ্ধ। আগামী নির্বাচনে বিরোধী দল জয়ী হলে তারা সরকার গঠন করবে। রাষ্ট্রপতি নিয়োগের সুযোগ পাবে না। কিন্তু বাস্তবে লীগের রাষ্ট্রপতি প্রতিমুহূর্তে হোঁচট খেতে পারেন। তিনি লড়তে গেলে তাঁর সামনে ঝুলবে অভিশংসনের খড়্গ। আইন বলছে, সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় রাষ্ট্রপতিকে অপসারণে সংসদে প্রস্তাব আনা যাবে। কিন্তু প্রস্তাব পাস করতে হলে দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা লাগবে। বিএনপি আগামী নির্বাচনে তা যে পাবেই, তার ভরসা কী? সেটা পেলে এক রকম, না পেলে অন্যরকম হিসাব-নিকাশ।দেশের প্রথম নারী রাষ্ট্রপতি সাজেদা চৌধুরী হতেই পারেন। একটা বড় খটকা আছে। যুদ্ধাপরাধবিষয়ক মার্কিন রাষ্ট্রদূত স্টিফেন র‌্যাপ লন্ডনে বলেছেন, দণ্ডিত অপরাধীরা ছাড়া পেয়ে যেতে পারেন, এই আশঙ্কায় শাহবাগ ফাঁসির দাবিতে ফেটে পড়েছে। এর আগে বিরোধীদলীয় উপনেতার পদের অপব্যবহারের জন্য আমরা সাজেদা চৌধুরীর সমালোচনা করেছি। কারণ, তাঁর দণ্ডিত ছেলে আইনের চোখে পলাতক থাকা অবস্থায় রাষ্ট্রপতির মার্জনায় বেরিয়ে গেছেন। তাঁকে আত্মসমর্পণও করতে হয়নি।নতুন রাষ্ট্রপতি নির্বাচনে সরকারি দল একটা লোক দেখানো উদ্যোগ নিতে পারে। এর আগের সংলাপ সার্থক না হলেও প্রয়াত নেতা জিল্লুর রহমানের উদ্যোগ একেবারে ভেস্তে যায়নি। বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রয়াত রাষ্ট্রপতির একটি বিরল হাস্যোজ্জ্বল আলোকচিত্র আমরা আমাদের আর্কাইভে জমা করতে পেরেছি!