রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বক্তব্য সংসদে উপস্থাপন করুন: সুরঞ্জিত (ভিডিও)
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধী দলের প্রতি দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘এ বিষয়ে কোনো বক্তব্য থাকলে সংসদে এসে তা উপস্থাপন করুন।’ আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবে সিলেট ছাত্রলীগের নেতা জগত্ জ্যোতি তালুকদারের স্মরণে আয়োজিত এক সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এই আহ্বান জানান। বঙ্গবন্ধু একাডেমি এই স্মরণসভার আয়োজন করে।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আশা করছি, জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নানা গুঞ্জন আছে, ঔত্সুক্য আছে। জাতি আশা করে, একজন সত্যিকারের রাজনীতিক, যিনি সবার কাছে গ্রহণযোগ্য, তিনিই হবেন রাষ্ট্রপতি।’ তিনি আরও বলেন, ‘যাঁদের মধ্যে উত্কণ্ঠা আছে, তাঁদের উদ্দেশে বলছি, আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার ওপর আস্থা রাখুন। তিনি সঠিকভাবে এ পদে বিবেচনার জন্য মনোনয়ন দেবেন।’ দপ্তরবিহীন মন্ত্রী আশা করছেন, এমন একজনকে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে, যিনি গণতন্ত্রের প্রতি আজীবন শ্রদ্ধাশীল থাকবেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে সুরঞ্জিত বলেন, তাঁর মৃত্যুতে জাতি ঐক্যবদ্ধ হয়েছে। তাঁর মৃত্যু একদিকে শোকের, অন্যদিকে গৌরবের। মৃত্যুর পরও তাঁর প্রতি লাখো মানুষের ভালোবাসা প্রমাণ করে, এখনো এ দেশে রাজনীতি ও রাজনীতিকের কোনো বিকল্প নেই।