রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিটের আদেশ রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রাষ্ট্রপতি নির্বাচনের ওপর স্থগিতাদেশ চেয়ে করা রিটের ওপর আদেশ দেওয়া হবে আগামী রোববার। আজ বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ শুনানি নিয়ে আদেশের এই দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মুহাম্মদ ইউনুস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। মো. বশির উল্লাহ প্রথম আলো ডটকমকে বলেন, আদালত রিটের ওপর শুনানি নিয়ে আগামী রোববার আদেশের দিন ধার্য করেছেন। এম কে রহমান বলেন, জনস্বার্থে রিট করা হলেও এর আবেদনের বিষয়স্তু গ্রহণযোগ্য নয়। তাই এটি চলতে পারে না। ৯ এপ্রিল সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এবং রাষ্ট্রপতি পদে নির্বাচন-প্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিটটি করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়। সংবিধানের ৭০ অনুচ্ছেদে রাজনৈতিক দল থেকে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়ার বিষয়ে বলা আছে। আবেদনে ৭০ অনুচ্ছেদকে কেন সংবিধানের কয়েকটি অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে। সেই সঙ্গে এই অনুচ্ছেদকে বাতিল করতে কেন বিবাদীদের নির্দেশ দেওয়া হবে না, তার জন্য রুল চাওয়া হয়েছে। আর রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তী রাষ্ট্রপতি পদে নির্বাচন-প্রক্রিয়া স্থগিত রাখতে আবেদন করা হয়েছে।রিট করার কথা জানিয়ে আবেদনকারী আইনজীবী মুহাম্মদ ইউনুস আলী আকন্দ প্রথম আলো ডটকমকে বলেন, ৭০ অনুচ্ছেদ অনুসারে দলের সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিলে তাঁর সদস্যপদ বাতিল হয়ে যাবে। এ কারণে সাংসদেরা দলের সিদ্ধান্তের বাইরে যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারেন না। ফলে যোগ্য প্রার্থীরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। এ কারণে রিটটি করা হয়েছে।