রাষ্ট্রপতি নির্বাচন ২৯ এপ্রিল
রাষ্ট্রপতি পদে আগামী ২৯ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ আজ মঙ্গলবার এ তারিখ ঘোষণা করেন।রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল, বাছাই করা হবে ২২ এপ্রিল এবং ২৪ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।গত ২০ মার্চ রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় ৯০ দিনের মধ্যে পুনরায় রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এদিকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আজ রিট আবেদন করা হয়েছে। এতে রাষ্ট্রপতি পদে নির্বাচনের প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদে রাজনৈতিক দল থেকে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে সাংসদদের আসন শূন্য হওয়ার বিষয়ে বলা আছে। এতে বলা হয়েছে, ‘কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি—(ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না।’আজ মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রিটে আইনসচিব, মন্ত্রিপরিষদের সচিব, সংসদবিষয়ক সচিবালয়ের সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে।