রাষ্ট্রপতি নির্বাচন ২৯ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি নির্বাচন ২৯ এপ্রিল সোমবার অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত সিইসির দপ্তরে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। মনোনয়নপত্র পরীক্ষা হবে ২২ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৪ এপ্রিল বিকেল চারটা পর্যন্ত। এরপর ২৯ এপ্রিল বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জাতীয় সংসদে ভোট গ্রহণ হবে।তফসিল ঘোষণা অনুষ্ঠানে কাজী রকিব উদ্দীন আহমেদ বলেন, এ নির্বাচনে সংসদ সদস্যরা ভোট দেবেন। গতকাল সাংসদের নামসংবলিত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তিনি জানান, একাধিক প্রার্থী না থাকলে ২৪ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন একমাত্র প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার আগে গতকাল বিকেল চারটায় কাজী রকিব জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলীর সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন।গত ২০ মার্চ রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর কারণে পদটি বর্তমানে শূন্য রয়েছে। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী আগামী ১৮ জুনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের কাজ শেষ করতে হবে।হাইকোর্টে রিট: সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এবং রাষ্ট্রপতি পদে নির্বাচন-প্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।গতকাল বিকেলে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি জমা পড়ে। রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদে রাজনৈতিক দল থেকে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়ার বিষয়ে বলা আছে। আবেদনে ৭০ অনুচ্ছেদকে কেন সংবিধানের কয়েকটি অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক এবং বাতিল ঘোষণা করা হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে। সেই সঙ্গে এই অনুচ্ছেদকে বাতিল করতে কেন বিবাদীদের নির্দেশ দেওয়া হবে না, তার জন্য রুল চাওয়া হয়েছে। আর রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তী রাষ্ট্রপতি পদে নির্বাচনপ্রক্রিয়া স্থগিত রাখতে আবেদন করা হয়েছে।রিট দায়ের করার কথা জানিয়ে আবেদনকারী আইনজীবী মুহাম্মদ ইউনুস আলী আকন্দ প্রথম আলোকে বলেন, ৭০ অনুচ্ছেদ অনুসারে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। এ কারণে সংসদ সদস্যরা দলের সিদ্ধান্তের বাইরে যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারেন না। তাই যোগ্য প্রার্থীরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে পারছেন না। এ কারণে রিটটি করা হয়েছে। কাজী রকিব উদ্দীন আহমেদ গতকাল সাংবাদিকদের বলেন, তিনি এ রিটের ব্যাপারে কিছু জানেন না।