রাষ্ট্রপতি নির্বাচনপ্রক্রিয়া স্থগিত চেয়ে রিট
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রিট আবেদন করা হয়েছে। এতে রাষ্ট্রপতি পদে নির্বাচনের প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশও চাওয়া হয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদে রাজনৈতিক দল থেকে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়ার বিষয়ে বলা আছে। আজ মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী, যার নম্বর ৩৮১৫/১৩। রিটে আইনসচিব, মন্ত্রিপরিষদের সচিব, সংসদবিষয়ক সচিবালয়ের সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে। আবেদনে সংবিধানের ৭০ অনুচ্ছেদকে কেন সংবিধানের কয়েকটি অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক এবং বাতিল ঘোষণা করা হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে। সেই সঙ্গে এই অনুচ্ছেদকে বাতিল করতে কেন বিবাদীদের নির্দেশ দেওয়া হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে। আর রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তী রাষ্ট্রপতি পদে নির্বাচনের প্রক্রিয়া স্থগিতের আরজিও রয়েছে।সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি—(ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না।’রিট দায়ের করার বিষয়টি জানিয়ে আবেদনকারী আইনজীবী মুহাম্মদ ইউনুস আলী আকন্দ প্রথম আলো ডটকমকে বলেন, ৭০ অনুচ্ছেদ অনুসারে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে তাঁর সদস্যপদ বাতিল হয়ে যাবে। এ কারণে সাংসদেরা দলের সিদ্ধান্তের বাইরে যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারেন না। তাই যোগ্য প্রার্থীরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে পারছেন না। ৭০ অনুচ্ছেদ সংবিধানের ৭(১), ১৯(১), ২৬, ২৭, ও ১১৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে রিটটি করা হয়। চলতি সপ্তাহে আবেদনটি শুনানির জন্য হাইকোর্টে উপস্থাপন করা হতে পারে।প্রসঙ্গত, সংবিধানের ৭ অনুচ্ছেদে সংবিধানের প্রাধান্য, ১৯ অনুচ্ছেদে সুযোগের সমতা, ২৬ অনুচ্ছেদে মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্য আইন বাতিল, ২৭ অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা ও ১১৯ অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্বের বিষয়ে বলা আছে।