রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছেন ব্রাদারহুড নেতা
মিসরের প্রেসিডেন্ট পদের জন্য নিবন্ধন করেছেন মুসলিম ব্রাদারহুড নেতা খাইরাত আল শাতের। মে মাসের শেষ দিকে অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নিতে গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করেছেন। বিবিসি অনলাইনে এ খবর বলা হয়েছে। খবরে বলা হয়, ৬১ বছর বয়সী ধনাঢ্য এই ব্যবসায়ী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন কি না, সেই ঘোষণা দিতে গত এক সপ্তাহ অপেক্ষা করেছেন। এর আগে মুসলিম ব্রাদারহুডের পক্ষ থেকে বলা হয়েছিল, তাদের দল থেকে কেউই এ নির্বাচনে অংশ নেবে না।আরেকজন গুরুত্বপূর্ণ প্রার্থী হলেন ইসলামপন্থী আবদুল মোনেম আবু ফোতোহ। প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর মুসলিম ব্রাদারহুড থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছিল।গত বছর ফেব্রুয়ারিতে হোসনি মোবারকের ক্ষমতাচ্যুতির পর এবারই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মে মাসের ২৩-২৪ তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। এ নির্বাচনই নির্ধারণ করে দেবে কে হবেন সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের উত্তরসূরি। আগামী জুনে সামরিক বাহিনীর ক্ষমতা হস্তান্তরের পর প্রেসিডেন্ট নির্বাচনে জয়ীর নাম ঘোষণা করা হবে।