রাষ্ট্রপতি নির্বাচনে সংসদে যোগ দিন: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিরোধী দলের উদ্দেশে বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে ২১ এপ্রিল জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে যোগ দিয়ে রাজপথের বিরোধী দল নয়, সাংবিধানিক বিরোধী দলের দায়িত্ব পালন করুন।আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় সুরঞ্জিত এ আহ্বান জানান। ফটিকছড়িতে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে বিএনপি-জামায়াতের হামলার প্রতিবাদে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক সাংসদ হাজি মোহাম্মদ সেলিম।আওয়ামী লীগের এই নেতা বিরোধী দলের উদ্দেশে বলেন, রাষ্ট্রপতি নির্বাচন একটি দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের জন্য সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে। আপনাদের যদি সংবিধানের প্রতি আস্থা থাকে, রাষ্ট্রের প্রতি আস্থা থাকে, তাহলে আসন্ন অধিবেশনে যোগ দিয়ে তা প্রমাণ করুন।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বর্তমানে যে সংকট, তা পুরোটাই রাজনৈতিক। দেশে এখনো কোনো কূটনৈতিক সমস্যা আসেনি। এ জন্য কেউ যদি বিদেশিদের দ্বারস্থ হন, তাহলে সেটা ঠিক হবে না।সংবিধান বিশেষজ্ঞ সুরঞ্জিত বলেন, ‘সংবিধানে জাতীয় নির্বাচনের সময় যে অন্তর্বর্তীকালীন সরকারব্যবস্থার কথা বলা হয়েছে, সে অনুযায়ী নির্বাচন হবে। এতে সন্দেহের কিছু নেই। বিশ্বের প্রতিটি দেশে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হয়ে আসছে। আমাদের দেশেও সে অনুযায়ী হবে।’নির্বাচন কোন পদ্ধতিতে হবে, তা নিয়ে যদি সংবিধানের বাইরে বিরোধী দলের কোনো পরামর্শ থাকে, তাহলে সংসদে যোগ দিয়ে তা পেশ করার আহ্বান জানান সুরঞ্জিত। পরামর্শ যুক্তিসংগত হলে অবশ্যই তা বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন তিনি।ফটিকছড়িতে আওয়ামী লীগের মিছিলে বিএনপি-জামায়াতের হামলার তীব্র প্রতিবাদ জানান এই নেতা।