অস্থায়ী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী ও সৈয়দ আশরাফের সাক্ষাৎ
রাষ্ট্রপতি পদে আ.লীগের পছন্দের তালিকায় আবদুল হামিদ
রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন অস্থায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তাঁকে এই পদে মনোনয়ন দিলে স্পিকার কে হবেন, তা নিয়েও আলোচনা চলছে দলটির মধ্যে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে অস্থায়ী রাষ্ট্রপতির সংসদ ভবনের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সেখানে এক ঘণ্টার বেশি সময় অবস্থান করেন। রাতে অস্থায়ী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তাঁরা রাত আটটা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা আলোচনা করেন। মো. জিল্লুর রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে। নির্বাচন কমিশন গত মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। ভোট গ্রহণ হবে ২৯ এপ্রিল। এই তফসিল ঘোষণার এক দিন পর গতকাল অস্থায়ী রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ দুই নেতার এই বৈঠক হলো। আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রী দুজনেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আবদুল হামিদের সঙ্গে আলোচনা করেন। ক্ষমতাসীন মহাজোট থেকে আবদুল হামিদকে মনোনয়ন দেওয়া হলে বা তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে জাতীয় সংসদের স্পিকারের পদটি শূন্য হবে। সে ক্ষেত্রে সংসদকে সঠিকভাবে পরিচালনার জন্য পরবর্তী স্পিকার কে হতে পারেন, তা নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে সূত্র বলছে।মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে এর আগে গণমাধ্যমকে বলেছিলেন, অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদই রাষ্ট্রপতি হলে ভালো হয়। তিনি সব দলের কাছে গ্রহণযোগ্য হবেন। তখন অবশ্য রাষ্ট্রপতি হিসেবে সাজেদা চৌধুরীর নাম বেশি আলোচিত ছিল। প্রধান বিরোধী দল বিএনপি বর্তমান পরিস্থিতিতে সবার কাছে গ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করা উচিত বলে মত দিয়েছিল। সংসদ সচিবালয় সূত্র জানায়, ২১ এপ্রিল জাতীয় সংসদে ১৭তম অধিবেশন বসছে। এর আগে ১৯ এপ্রিল আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠক হবে। সেখানে রাষ্ট্রপতি পদে সরকারি দলের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে।সূত্র জানায়, অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আলোচনায় মানবতাবিরোধী অপরাধের বিচার, এ নিয়ে বিরোধী দলের আন্দোলন কর্মসূচি, হেফাজতে ইসলামের ১৩ দফাসহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। বেলা পৌনে দুইটার দিকে প্রধানমন্ত্রী অস্থায়ী রাষ্ট্রপতির বাসভবন ছেড়ে যান। এরপর বিকেল তিনটার দিকে আবদুল হামিদ তাঁর জাতীয় সংসদ কার্যালয়ে যান।রাতে অস্থায়ী রাষ্ট্রপতির সঙ্গে সৈয়দ আশরাফের আলোচনায়ও একই বিষয় স্থান পায়। সূত্র বলছে, রাষ্ট্রপতি পদে মনোনয়নের ক্ষেত্রে আওয়ামী লীগ যে কয়েকটি বিষয়কে নির্ধারক হিসেবে চিহ্নিত করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো দলের বাইরের কাউকে প্রার্থী করা হবে না। আবার দলীয় যাঁকে মনোনয়ন দেওয়া হবে, সবার কাছে তাঁর একটা গ্রহণযোগ্যতা থাকতে হবে।সূত্র জানায়, অস্থায়ী রাষ্ট্রপতি ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের সরকারি অনুষ্ঠানে অংশ নিতে মেহেরপুরে যেতে পারেন। তিনি শুধু গার্ড অব অনার গ্রহণ করবেন। দলীয় কর্মসূচিতে অংশ নেবেন না। হেলিকপ্টারে যাওয়ার পথে তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে পারেন। গত ২০ মার্চ রাষ্ট্রপতি জিল্লুর রহমান মারা যান। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুসারে আগামী ১৮ জুনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের কাজ সম্পন্ন করতে হবে।