রাষ্ট্রপতি পদে প্রণবের নাম নিলেন না মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে এবারের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তত্পরতা। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মধ্যে শলাপরামর্শ শুরুও করেছে। তবে কংগ্রেসের পক্ষ থেকে এখনো ঘোষিত হয়নি তাঁদের প্রার্থী কে হতে চলেছেন। তবে কংগ্রেসের ভেতরের মহলের খবর এই পদের প্রার্থী হিসেবে এখন দিন দিন পাল্লা ভারি হচ্ছে প্রণব মুখোপাধ্যায়ের।এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কুমারী জয়ললিতা ভারতের সাবেক স্পিকার ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা পি এ সাংমাকে প্রার্থী করার জন্য মাঠে নেমেছেন। এ জন্য বিভিন্ন দলের নেতাদের সঙ্গে তিনি কথাও বলছেন। তবে এনসিপির প্রধান শারদ পাওয়ার এখনো সাংমাকে সমর্থন করেননি।অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেসরকারি একটি টেলিভিশন সাক্ষাত্কারে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মুখে আনেননি প্রণব মুখোপাধ্যায়ের নাম। ওই সাক্ষাত্কারে সাংবাদিকদেরও প্রশ্নের জবাবে মমতা বলেছেন, রাষ্ট্রপতি পদে পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী, লোকসভার স্পিকার মীরা কুমার ও সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের নাম বলেন। তিনি সাংবাদিকদের বলেন, যদি কংগ্রেস প্রণবকেই চায়, তবে সেটা তাদের পছন্দ।এই ঘটনার পর রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, কেন্দ্রীয় আর্থিক সহায়তা নিয়ে অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে মমতার দ্বন্দ্ব থাকায় তিনি হয়তো প্রণবের নাম মুখে তোলেননি। তবে মমতার এই ভূমিকা পশ্চিমবঙ্গের অনেকেই ভালো চোখে দেখেননি। কারণ এ বছরই প্রথম একজন বাঙালির রাষ্ট্রপতি হওয়ার সুযোগ এসেছে। নাম উঠে এসেছে রাজনৈতিক মহলে। তাই তাঁরা মনে করছেন, এই প্রস্তাবকে পশ্চিমবঙ্গের সবারই সমর্থন করা উচিত।