রাষ্ট্রপতি প্রমাণ করেছেন, তিনি সবার ঊর্ধ্বে: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে সব দলের সঙ্গে সংলাপ করে রাষ্ট্রপতি প্রমাণ করেছেন, তিনি সবার ঊর্ধ্বে। সংলাপের মাধ্যমে রাষ্ট্রপতির গণতান্ত্রিক মানসিকতা এবং তিনি যে সবার ওপরে, সেটাই প্রমাণ করেছেন তিনি।আজ শুক্রবার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নয়াবিল ইউনিয়নের বনকুড়া বাজারে গরিব ও দুস্থ লোকজনের মাঝে কম্বল বিতরণকালে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।মতিয়া চৌধুরী বলেন, একক ক্ষমতা থাকলেও নির্বাচন কমিশন গঠনে এর আগে কোনো রাষ্ট্রপতি এ রকম উদ্যোগ নেয়নি। বর্তমান রাষ্ট্রপতি স্বাধীনতাবিরোধীসহ সব দলকে নিয়ে নির্বাচন কমিশন গঠনের যে উদ্যোগ নিয়েছেন, এটা বিরল ঘটনা।কৃষিমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার আওয়ামী লীগের নির্বাচনী ওয়াদা এবং ধর্মীয় বিধানমতে ফরজ ও ইমানি দায়িত্ব। হত্যা মামলা কখনো তামাদি হয় না। জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করে গেছেন। প্রচলিত নিয়ম মেনে এ বিচারকাজ হচ্ছে বলেই কিছুটা বিলম্ব হচ্ছে। তবে যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবেই।’এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোরশেদ আলম, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকসেদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।