রাষ্ট্রপতি সাংবিধানিক দায়িত্ব পালন করবেন: ১৪ দল
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘রাষ্ট্রপতি একজন প্রবীণ রাজনীতিবিদ। আশা করি, তাঁর ওপর সংবিধান অর্পিত যে দায়িত্ব, সেটাই তিনি পালন করবেন।’আজ বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে নাসিম এ কথা বলেন। চলমান রাজনৈতিক সংকট নিরসনে রাষ্ট্রপতির করণীয় কী হতে পারে, এমন প্রশ্নের জবাব দেন তিনি।মোহাম্মদ নাসিম বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আবদুল হামিদ সাহেবকে আওয়ামী লীগ ও ১৪ দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। তাঁর প্রতি আমাদের শুভকামনা রইল।’বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের চলমান ৩৬ ঘণ্টার হরতাল প্রসঙ্গে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেন এই ৩৬ ঘণ্টার হরতাল, সেটা বাংলাদেশের মানুষ জানে না। বিএনপির কিছু নেতা আইনি প্রক্রিয়ায় বের হয়ে এসেছেন; আশা করি, অন্যরাও বেরিয়ে আসবেন। তাহলে এই ইস্যুতে আর কত হরতাল? তাদের হরতালের নৈরাজ্য থেকে দেশের মানুষ মুক্তি চায়।’আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিরোধীদলীয় নেতা, আপনি যদি জনগণের নেত্রী হন, তাহলে নির্যাতন থেকে আমাদের সবাইকে মুক্তি দিন।’ সাভারের ভবনধসের ঘটনায় দুঃখ প্রকাশ করে নাসিম বলেন, ‘আমরা শুনেছি, সাভারের একটি ভবন ধসে পড়ায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা বারবার ঘটছে।’ তাই এসব হতাহতের ঘটনায় সংশ্লিষ্ট ভবনের মালিকদের গ্রেপ্তার করা উচিত বলে মন্তব্য করেন তিনি। আগামীকাল ফটিকছড়ি যাচ্ছে ১৪ দলের প্রতিনিধিদলআওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে ১১ এপ্রিল জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার ফটিকছড়ি যাচ্ছে মোহাম্মদ নাসিম ও দিলীপ বড়ুয়ার নেতৃত্বে ১৪ দলের একটি প্রতিনিধিদল। সেখানে বেলা তিনটায় স্থানীয় ১৪ দল আয়োজিত সমাবেশে ভাষণ দেবেন তাঁরা। আগামী ২ এপ্রিল ঢাকা উত্তর, ৩ এপ্রিল ঢাকা দক্ষিণ ও ৪ এপ্রিল মতিঝিলে সমাবেশ করবে ১৪ দল। হেফাজতের ১৩ দফাকে নারীদের গৃহবন্দী করার শামিল বলে মন্তব্য করে নাসিম বলেন, ‘হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি নারীকে মধ্যযুগে নিয়ে যাবে। তাই তাদের এই দাবি মানা হবে না।’ ১৩ দফার প্রতিবাদে ২৭ এপ্রিল ৮০টির বেশি নারীসংগঠন জাতীয় প্রেসক্লাবের সামনে যে সমাবেশ করবে, এতে ১৪ দল সমর্থন জানিয়েছে। একই সময়ে রাজধানীর মতিঝিলে পোশাককর্মীদের সমাবেশেও ১৪ দল সমর্থন জানিয়েছে।আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, খালিদ মাহমুদ চৌধুরী, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রমুখ।