রাষ্ট্রপতি হিসেবে নিরপেক্ষ কাউকে চায় বিএনপি
ক্ষমতাসীন দলের বাইরে নিরপেক্ষ কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায় বিএনপি, যিনি হবেন সব দলের প্রতি সহনশীল এবং মানুষের কাছে গ্রহণযোগ্য।বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে দলটির এই মনোভাব জানা গেছে। তাঁরা মনে করেন, চলমান রাজনৈতিক সংকটকে গুরুত্ব দিয়ে আগামী নির্বাচনে ভূমিকা রাখতে পারবেন এবং অন্য কোনো দল ক্ষমতায় এলে তাদের সঙ্গে কাজ করতে পারবেন, এমন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদের জন্য খুঁজে বের করা উচিত। এটা করার মূল দায়িত্ব ক্ষমতাসীন আওয়ামী লীগের।বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের কয়েকজন নেতা বলেছেন, নিরপেক্ষ ব্যক্তি হলেই সবচেয়ে ভালো হয়। তবে, কাকে রাষ্ট্রপতি করা হবে, তা সম্পূর্ণই আওয়ামী লীগের ওপর নির্ভর করছে। কেননা, সরকারি দল বাদে সংসদে প্রতিনিধিত্বকারী অন্য সব দলের পক্ষে প্রার্থী দিয়ে কাউকে বিজয়ী করার মতো অবস্থা নেই। তাঁরা বলেন, যদি দলের ভেতর থেকে আ.লীগ কাউকে রাষ্ট্রপতি করতে চায়, সে ক্ষেত্রে বিএনপির কাছে বর্তমান স্পিকার আবদুল হামিদই সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি। তিনি যেমন আ.লীগের প্রতি একনিষ্ঠ, তেমনি বিএনপিসহ অন্য দলগুলোর প্রতিও সহনশীল। সব দলের রাজনীতিকেরা তাঁকে শ্রদ্ধা ও সম্মান করেন।সংবিধান অনুযায়ী এবার যিনি রাষ্ট্রপতি হবেন, তাঁর মেয়াদ হবে পাঁচ বছর। কিন্তু বর্তমান সরকারের মেয়াদ আছে আর ১০ মাস। তাই নতুন রাষ্ট্রপতিকে পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গেও কাজ করতে হবে। এ অবস্থায় বিএনপির নেতারা মনে করেন, এমন ব্যক্তিকে রাষ্ট্রপতি করা উচিত, যাঁকে ভবিষ্যতে অন্য কোনো দল ক্ষমতায় এলে যেন মেনে নিতে পারে। তাঁকে অভিশংসন বা অন্য কোনোভাবে সরিয়ে দেওয়ার প্রয়োজন যাতে না হয়। নতুন রাষ্ট্রপতি যদি অন্য কোনো দলের সরকারের সঙ্গে কাজ করতে পারেন, ওই দলও যদি তাঁকে মেনে নিতে পারে, সেটা হবে দেশের রাজনীতির জন্য ইতিবাচক অর্জন।জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, সরকার চাইলে বিরোধী দলের সঙ্গে আলোচনা করতে পারে। তবে বিএনপির চাওয়া হবে, যিনি নতুন রাষ্ট্রপতি হবেন, তিনি যেন সব দলের কাছে গ্রহণযোগ্য হন। দলের বাইরে কোনো নিরপেক্ষ ব্যক্তি হলে ভালো। তাঁকে নিয়ে যেন কোনো প্রশ্ন বা বিতর্ক না থাকে।কে হবেন নতুন রাষ্ট্রপতি—এ নিয়ে আওয়ামী লীগের মধ্যেও আছে আলোচনা। এখন পর্যন্ত তাদের দলে দুটি নামই বেশি উচ্চারিত হচ্ছে। তাঁরা হলেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এবং অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ।বিএনপির রাজনীতি করেন এমন একজন প্রবীণ আইনজীবী বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় না-ও আসতে পারে। সে ক্ষেত্রে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বা অনুগত ব্যক্তি রাষ্ট্রপতি থাকলে তাঁর সঙ্গে কাজ করতে পরবর্তী ক্ষসতাসীন দল স্বাচ্ছন্দ্য বোধ না-ও করতে পারে। তাতে সাংবিধানিক সংকট তৈরিরও আশঙ্কা থাকে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে জাতীয় সংসদ। কিন্তু অভিশংসনের ক্ষেত্রে সুস্পষ্ট কারণ সংবিধানে বলা আছে। এ জন্য প্রয়োজন হবে দুই-তৃতীয়াংশ সাংসদের ভোট, যা পরবর্তী সরকারের না-ও থাকতে পারে। ওই নেতা আরও বলেন, এর বাইরে মানসিক যন্ত্রণা দিয়ে একজন রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করা যায়। যেমনটা বিএনপির বিগত আমলে দলীয় রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ক্ষেত্রে করা হয়েছিল। কিন্তু এটা শোভন নয়। গণতন্ত্রের জন্যও ভালো নয়।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এসব সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আওয়ামী লীগকে একটি বাস্তবমুখী সিদ্ধান্ত নিতে হবে, যাতে গণতন্ত্র ও রাষ্ট্রের সর্বোচ্চ পদের মর্যাদা অক্ষুণ্ন থাকে। এ ছাড়া, নতুন রাষ্ট্রপতিকে আগামী নির্বাচন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, বিরোধী দলকে আস্থায় আনতে হবে—এ বিষয়টিও আওয়ামী লীগকে ভাবতে হবে।দেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমান ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সাংসদদের ভোটে আগামী ১৭ জুনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা আছে।