ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তাঁর প্রথম বিদেশ সফরে আজ রোববার ঢাকায় আসছেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের আমন্ত্রণে এ সফরে আসছেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তিন দিনের এ সফরের সময় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।খসড়া কার্যসূচি অনুযায়ী, প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরস্পরের সঙ্গে কয়েকজন মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাকে নিয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠকও করবেন। এ সময় তাঁরা দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয়, বিশেষ করে যোগাযোগ, নিরাপত্তা, পানিসম্পদ ব্যবস্থাপনা, বিদ্যুৎ, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে কথা বলবেন।আজ দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। প্রসঙ্গত, প্রায় চার দশক পর ভারতের কোনো রাষ্ট্রপতি ঢাকায় আসছেন। এর আগে ১৯৭৪ সালে বাংলাদেশে এসেছিলেন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ভি ভি গিরি। গত বছরের জুলাই মাসে ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া প্রণব বলে আসছিলেন, রাষ্ট্রপতি হিসেবে প্রথম বিদেশ সফরে বাংলাদেশেই আসতে চান তিনি।প্রণব মুখার্জি এমন এক সময় বাংলাদেশ সফর করছেন, যখন একাত্তরের মানবতাবিরোধীদের বিচারকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটছে। গত শুক্রবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাইয়ের কাছে এ বিষয়ে ভারতের চিন্তাভাবনা জানতে চাওয়া হয়েছিল। জবাবে তিনি বলেন, ঢাকার পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে। রঞ্জন মাথাই আরও বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে এবং এ সফর ফলপ্রসূ সফর হবে বলে তাঁরা আশাবাদী।ভারতের রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে থাকছেন তাঁর স্ত্রী শুভ্রা মুখার্জি, ভারতের রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী এবং রাজ্যসভার চার সদস্য সীতারাম ইয়েচুরি, মুকুল রায়, চন্দন মিত্র ও ভুবনেশ্বর কালিতা। সফরসূচি: সফরের প্রথম দিনে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনারগাঁও হোটেলে প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর তাঁরা দুজন মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বৈঠক করবেন। রাতে ভারতের রাষ্ট্রপতির সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ দুপুরে ঢাকায় পৌঁছার পর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে সরাসরি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন প্রণব মুখার্জি। তিনি সেখানে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।বিকেলে প্রথমে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, এরপর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ভারতের রাষ্ট্রপতির সঙ্গে তাঁর হোটেল স্যুটে সৌজন্য সাক্ষাৎ করবেন। কাল সোমবার সকালে জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রণব মুখার্জি এরপর সম্মানসূচক ডক্টর অব ল ডিগ্রি নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে ডিগ্রি গ্রহণের পর তিনি সমাবর্তন বক্তৃতা করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রণব মুখার্জি যাবেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে। তিনি সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন।সফরের দ্বিতীয় দিন বিকেলে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে তাঁর হোটেল স্যুটে সৌজন্য সাক্ষাৎ করবেন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া। সন্ধ্যায় প্রণব মুখার্জি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর একাত্তরের মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে প্রণব মুখার্জি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হাত থেকে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ গ্রহণ করবেন। সবশেষে বঙ্গভবনে তাঁর সম্মানে বাংলাদেশের রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে যোগ দেবেন প্রণব মুখার্জি। সফরের শেষ দিন অর্থাৎ মঙ্গলবার সকালে ভারতের রাষ্ট্রপতি ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ঢাকা-কলকাতা পণ্যবাহী ট্রেন চলাচল উদ্বোধন করবেন। এরপর তিনি হেলিকপ্টারে নড়াইলের ভদ্রবিলায় শ্বশুরবাড়ি যাবেন। নড়াইল থেকে হেলিকপ্টারে তিনি যাবেন টাঙ্গাইলের ভারতেশ্বরী হোমসে। কুষ্টিয়ার শিলাইদহে কবিগুরু রবীন্দ্রনাথের কুঠিবাড়িতেও যাবেন প্রণব মুখার্জি। এরপর তিনি ঢাকায় ফিরবেন। আগামী মঙ্গলবার বিকেলে প্রণব মুখার্জির ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।