রাষ্ট্রপতিকে বিতর্কিত করতেই এই সংলাপ: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপতির নেই। রাষ্ট্রপতির পদটিকে বিতর্কিত করতেই সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিকে দিয়ে সংলাপের আয়োজন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ‘সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাজ হলো প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির নিয়োগ দেওয়া। কিন্তু নির্বাচন কমিশনারদের নিয়োগের বিষয়ে রাষ্ট্রপতিকে কেন জড়ানো হচ্ছে বুঝতে পারছি না।’রাষ্ট্রপতি সম্পর্কে মির্জা ফখরুল অশালীন বক্তব্য দিয়েছেন, আওয়ামী লীগের নেতা মাহবুব উল আলম হানিফের এই বক্তব্যের জবাবে মির্জা আলমগীর বলেন, ‘শালীনতা হানিফের কাছ থেকে শিখতে হবে বলে মনে করি না। বিরোধীদলীয় নেত্রী সম্পর্কে হানিফ যে ভাষায় কথা বলেছেন, তা শালীন না অশালীন।’ তিনি বলেন, ‘গত ১৮ তারিখের ঘটনাকে তোফায়েল আহমেদ দেশব্যাপী বোমা হামলার সঙ্গে মেলাতে চাইছেন। তাঁকে বলতে চাই, দেশব্যাপী বোমা হামলাকারীদের বিএনপির আমলেই গ্রেপ্তার ও সাজার ব্যবস্থা করা হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘আসলে আওয়ামী লীগ নেতারা ধাপ্পাবাজি করতে পারদর্শী। এখন আবার তাঁরা ধাপ্পাবাজির সঙ্গে চাপাবাজি যোগ করেছেন।’ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য বিএনপি আন্দোলন করছে না, দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার জন্য আন্দোলন করছে। তিনি প্রধানমন্ত্রী উদ্দেশ করে বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক দল। কোনো সামরিক অভ্যুত্থানে এ দল বলে না উই আর নট আনহ্যাপি।’ তিনি বলেন, ‘রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়ছে। কিন্তু দুর্ভাগ্য, তরুণেরা এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করছে না। বিদ্যুতের মূল্যবৃদ্ধি অর্থনীতিকে ধ্বংস করবে।’পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক জিন্নাতুন নেসা তাহমিনা খাতুন প্রমুখ।অনুষ্ঠানে ‘বিদ্যুত্ খাতের অব্যবস্থাপনা বিদ্যুত্ উত্পাদনের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির দায় চাপানো হলো ভোক্তাদের ওপর’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক বিদ্যুত্সচিব আ ন হ আখতার হোসেন।