রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিলেন বুয়েটের আন্দোলনকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে স্মারকলিপি দিয়েছেন। মিছিলে বাধার কারণে আজ রোববার বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষকের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে গিয়ে স্মারকলিপিটি দিয়ে আসেন।এদিকে আজও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।বেলা সাড়ে ১১টার দিকে সহস্রাধিক আন্দোলনকারী বুয়েটের প্রশাসনিক ভবনের সামনে থেকে স্মারকলিপি নিয়ে মিছিলটি বঙ্গভবন বরাবর রওনা হন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের সামনের রাস্তায় পুলিশ মিছিলটিকে আটকে দেয়। সেখান থেকে চার শিক্ষকের একটি প্রতিনিধি দল বঙ্গভবনের গিয়ে স্মারকলিপি দিয়ে আসেন।স্মারকলিপি দিতে যাওয়া বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রথম আলো অনলাইনকে বলেন, বঙ্গভবনের কার্যালয়ে রাষ্ট্রপতির উপ-প্রেসসচিবের কাছে স্মারকলিপিটি জমা দেওয়া হয়েছে।শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ আতাউর রহমান প্রথম আলো অনলাইনকে বলেন, উপাচার্য ও সহ-উপাচার্যকে অপসারণ না করলে প্রয়োজনে শিক্ষকেরা গণপদত্যাগ করবেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তিনি জানান।আন্দোলনকারীদের দাবির মুখে পদত্যাগ করবেন কি না এমন প্রশ্নের জবাবে সহ-উপাচার্য হাবিবুর রহমান প্রথম আলো অনলাইনকে বলেন, ‘কোনো অনৈতিক কাজ করিনি। তাই শিক্ষক হিসেবে অনৈতিক কাজের জন্য মাথা নত করব না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ভিসি ও প্রোভিসি পদত্যাগ করবেন না।’বুয়েট শিক্ষক সমিতির আহ্বানে ১৬টি অভিযোগে উপাচার্য এম নজরুল ইসলাম ও সহ-উপাচার্য হাবিবুর রহমানের অপসারণের দাবিতে ১১ জুলাই থেকে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলেও শিক্ষক-শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছেন। রোদ-বৃষ্টির মধ্যে খোলা জায়গায় এই অবস্থান চললেও সরকার বা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল পর্যন্ত সংকট নিরসনে নতুন কোনো উদ্যোগ নেওয়া হয়নি।