বর্তমানে বিবদমান যে রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে তা কিছুটা প্রশমিত করার সুযোগ তৈরি হয়েছে।রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দুটি বিষয় গুরুত্ব দিতে হবে। প্রথমত, গ্রহণযোগ্য ব্যক্তি। যাঁকে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে, তাঁকে অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। দ্বিতীয়ত, যোগ্যতাসম্পন্ন ব্যক্তি। গ্রহণযোগ্যতার পাশাপাশি যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি বানাতে হবে। যিনি দুই রাজনৈতিক মাঠের দুটি পক্ষেরই আস্থা অর্জনে সক্ষম হবেন। তবে রাষ্ট্রপতি নির্বাচনের এই ক্ষেত্রটিতে সরকারকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে এবং সুবিবেচিত হয়ে সিদ্ধান্ত নিতে হবে। তারা যদি রাষ্ট্রপতি নির্বাচনকে সংকীর্ণ দলীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে, সে ক্ষেত্রে বিদ্যমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিকে প্রশমিত করার সুযোগ হাতছাড়া হবে।কেউ বলছেন, রাষ্ট্রপতি হিসেবে রাজনৈতিক ব্যক্তিত্বকে দায়িত্ব দেওয়া উত্তম হবে। কেউ বলছেন সাবেক বিচারপতিদের কথা। এই বিতর্ক অর্থহীন। যেকোনো ব্যক্তিই রাষ্ট্রপতি হিসেবে গ্রহণযোগ্য ও যোগ্যতাসম্পন্ন হতে পারেন। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আমাদের শাসনকাঠামোর গুরুত্বপূর্ণ একটি বিষয় বিবেচনায় নিতে হবে। তা হলো, সাংবিধানিকভাবে আমাদের প্রধানমন্ত্রী অসম্ভব পরাক্রমশালী। আক্ষরিক অর্থে আমরা দেশে মাত্র এক দিনের জন্য গণতন্ত্র দেখতে পাই। যেদিন ভোট হয়, সেদিন মানুষ তাঁর পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে থাকেন। ক্ষমতা এত বেশি কেন্দ্রীভূত যে, বাকি পাঁচ বছরের জন্য দেশে কোনো গণতন্ত্র থাকে না। জনগণ হয়ে যায় প্রজা। এভাবে ২০ বছর ধরেই চলছে সাংবিধানিক স্বৈরতন্ত্র। দেশে অনেক সমস্যার মূলে রয়েছে কেন্দ্রীভূত ক্ষমতা বা ক্ষমতার ভারসাম্যহীনতা। তাই ভারসাম্যহীন শাসনকাঠামোতে সবার প্রত্যাশা থাকবে, গ্রহণযোগ্য ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করা। একই সঙ্গে গণতন্ত্রের মূল্যবোধগুলো যাতে প্রাতিষ্ঠানিক রূপ পায়, সবাইকে সেই সংলাপ শুরু করতে হবে।হোসেন জিল্লুর রহমান: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা