রাষ্ট্রপতির আমন্ত্রণ পেলে জবাব দিতে পারে বিএনপি
শুধু নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে রাষ্ট্রপতির সংলাপে যেতে চায় না বিএনপি। তবে রাষ্ট্রপতির আমন্ত্রণ সরাসরি বর্জন না করে সংলাপে যোগ দেওয়ার ক্ষেত্রে কিছু পূর্বশর্ত আরোপের কথা ভাবছে দলটি।বিএনপির একাধিক নীতিনির্ধারক প্রথম আলোকে বলেন, সংলাপে যোগ দেওয়া না-দেওয়া নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্ব আছে। স্থায়ী কমিটির প্রায় সবাই মনে করেন, সংলাপ অর্থহীন। তবে তাঁরা এ-ও মনে করেন, রাষ্ট্রপতির আমন্ত্রণের সুযোগে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের বিষয়টি তুলে ধরা উচিত। তাই সংলাপে অংশ না নিয়ে পাল্টা চিঠির মাধ্যমে বিষয়গুলো তুলে ধরার চিন্তা আছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, গণতান্ত্রিক দল হিসেবে রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া দেওয়ার ইচ্ছা তাঁদের আছে। কিন্তু সে জন্য রাষ্ট্রপতিকেও পরিস্থিতি তৈরি করতে হবে। শুধু নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপ হলে রাজনৈতিক সংকট কাটবে না। এ জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি নিয়েও কথা বলতে হবে। তিনি বলেন, ‘শুধু নির্বাচন কমিশন নিয়ে আলোচনার বাধ্যবাধকতা থাকলে তাতে বিএনপি যোগ দেবে বলে আমি মনে করি না।’বিএনপির নেতারা জানিয়েছেন, এখনো সংলাপে যাওয়া না-যাওয়া নিয়ে তাঁরা আনুষ্ঠানিক কোনো আলোচনা করেননি। তবে এ নিয়ে গত রোববার চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে কথা হয়েছে। চিঠি পাওয়ার পর স্থায়ী কমিটির একটি পৃথক বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে চেয়ারপারসন নেতাদের জানিয়েছেন।সূত্র জানায়, সংলাপে যোগ দেওয়ার ক্ষেত্রে পূর্বশর্ত হিসেবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের প্রতিশ্রুতি চাওয়া হতে পারে। এ ছাড়া কেবল নির্বাচন কমিশন গঠন করা নিয়ে সংলাপ অনুষ্ঠানের পরিবর্তে সার্বিক রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য আলোচ্য বিষয়ের ব্যাপ্তি বাড়ানোর কথা দলটির পক্ষ থেকে বলা হতে পারে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁদের কাছে তত্ত্বাবধায়ক সরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা পাশ কাটিয়ে নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনায় আগ্রহ নেই। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকারের মনোভাব ইতিবাচক হলেই কেবল অন্য সমস্যা সমাধানে আলোচনা হতে পারে।স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, বাংলাদেশে সংলাপ করে কোনো সুফল পাওয়া যায়নি। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি এই উদ্যোগ নিয়েছেন। তাই সরকারকে আগে বলতে হবে, আগামী নির্বাচন কোন ধরনের সরকারের অধীনে হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে নির্বাচন কমিশন নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই। তিনি অভিযোগ করেন, সরকার তার ব্যর্থতা, অযোগ্যতা আড়াল করতে সংলাপের কথা বলছে।