রাষ্ট্রপতির আহ্বান প্রত্যাখ্যান বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিকে সংসদে ফিরতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের আহ্বান প্রত্যাখ্যান করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি অভিযোগ করেন, সরকারের ব্যর্থতা ঢাকার জন্য আওয়ামী লীগ যে বক্তব্য লিখে দিয়েছে, রাষ্ট্রপতি সংসদে গিয়ে তা পড়েছেন। সব দোষ বিএনপির ঘাড়ে চাপিয়ে জাতিকে বিভ্রান্ত করেছেন।আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে জয়নুল আবদিন ফারুক এ কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। এর আয়োজন করে ১৮-দলীয় জোটের শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, কল্যাণ পার্টি ও বাংলাদেশ ন্যাপ।রাষ্ট্রপতির আহ্বান প্রসঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। আমরা তাঁকে শ্রদ্ধা করি। আমরা হরতাল-অবরোধ করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করতে চাই না। কিন্তু গান পাউডার দিয়ে মানুষ হত্যা, লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা, বঙ্গভবনে গ্যাস-বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুমকির কথা রাষ্ট্রপতিকে স্মরণ করিয়ে দিতে চাই।’রাষ্ট্রপতির উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আমরা রাষ্ট্রপতির আহ্বান প্রত্যাখ্যান করি। আপনি প্রধানমন্ত্রীকে তত্ত্বাবধায়ক নিয়ে আলোচনার কথা বলতেন। তা না করে সব দোষ বিএনপির ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। যত কথাই বলেন, রাজপথ থেকে আমাদের সরাতে পারবেন না। খালেদা জিয়া, মির্জা ফখরুলসহ যতজনের বিরুদ্ধেই মামলা দেওয়া হোক না কেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’ তিনি এই অধিবেশনেই তত্ত্বাবধায়ক পুনর্বহালের বিল আনার দাবি জানান। গতকাল নবম জাতীয় সংসদের ১৬তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বিএনপিকে সংসদে ফেরার আহ্বান জানান।