রাষ্ট্রপতির ইফতারে প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতি
রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রী, সাংসদ, বিদেশি কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তি ও পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন। আজ সোমবার বঙ্গভবনে এই ইফতারের আয়োজন করা হয়। খবর বাসসের।প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ইফতারে যোগ দেন। প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তাঁর স্ত্রী রাশিদা খানম তাঁকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।এ ছাড়া ইফতারে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সুপ্রিম কোর্টের বিচারক, মন্ত্রিপরিষদের সচিব, তিন বাহিনীর প্রধান, সাংসদ, বিদেশি কূটনীতিক, জাতীয় কমিশনের কমিশনার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, বিশিষ্ট নাগরিক ও পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা শরিক হন। রাষ্ট্রপতি বিভিন্ন টেবিলে গিয়ে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের কুশলাদি জানতে চান।ইফতারের আগে জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কবির মোনাজাত পরিচালনা করেন।