রাষ্ট্রপতির ঈদুল আজহার সংবর্ধনা
রাষ্ট্রপতি জিল্লুর রহমান ঈদুল আজহার আনন্দে উদ্দীপ্ত হয়ে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সবার প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শনিবার সকালে বঙ্গভবনে পদস্থ সরকারি কর্মকর্তা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।রাষ্ট্রপতি বলেন, ‘আজকের এ দিনে আমি সবাইকে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একযোগে কাজ করার আহ্বান জানাই।’তিনি আরও বলেন, ‘ঈদুল আজহা আমাদের ত্যাগ ও নিষ্ঠার শিক্ষা দেয়, যা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে হবে।’রাষ্ট্রপতি বলেন, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এ উপলক্ষে আমি আমাদের প্রবাসী ভাইবোনদেরও শুভেচ্ছা জানাচ্ছি।’প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ফারুক খান এবং ডাক, টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুনসহ মন্ত্রিপরিষদের সদস্যরা সংবর্ধনায় যোগ দেন।বাংলাদেশে বিভিন্ন দেশের কূটনৈতিক কোরের ডিন, রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানেরাও সংবর্ধনায় যোগ দেন।এ ছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সম্পাদক, তিন বাহিনীর প্রধান, সচিব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি, জ্যেষ্ঠ সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক, ব্যবসায়ী সমাজের প্রতিনিধি, ধর্মীয় ব্যক্তি, শিল্পী এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা সংবর্ধনায় যোগ দেন।রাষ্ট্রপতি অতিথিদের স্বাগত জানান এবং তাঁদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি তাঁদের সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করেন।