রাষ্ট্রপতির উদ্যোগ শুভ, তবে সমাধান আসবে না: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, নির্বাচন কমিশনে নিরপেক্ষ লোক নিয়োগ দিতে হবে, নইলে বিতর্কের সৃষ্টি হবে। তিনি সার্চ কমিটির (অনুসন্ধান কমিটি) মাধ্যমে কমিশন গঠনের কথা বলেন।প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের জন্য সংবিধান অনুযায়ী আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন সিইসি। বলেন, ইসি গঠনে রাজনৈতিক দলগুলোকে নিয়ে রাষ্ট্রপতি যে সংলাপ করতে যাচ্ছেন, তাতে সমস্যার সমাধান হবে না। রাষ্ট্রপতির এই উদ্যোগকে তিনি শুভ বলে মন্তব্য করেন।শামসুল হুদা গতকাল মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো কী ধরনের কমিশন চায়, এই সংলাপ থেকে সে সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে। কিন্তু দলগুলো এ বিষয়ে কোনো সমঝোতায় আসতে পারবে না।রাষ্ট্রপতি কেন এ ধরনের উদ্যোগ নিয়েছেন বলে আপনি মনে করেন, জানতে চাইলে এ টি এম শামসুল হুদা বলেন, প্রধানমন্ত্রী হয়তো রাষ্ট্রপতিকে অনুরোধ করেছেন। তাই তিনি এ উদ্যোগ নিয়েছেন। অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এ ব্যাপারে সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। আমরাও আগ বাড়িয়ে কোনো কথা বলিনি। কারণ এতে অনেকেই হয়তো বলবে, আমরা থাকার জন্য লবিং শুরু করেছি।’এর আগে ১৭ ডিসেম্বর সিইসি প্রথম আলোকে জানিয়েছিলেন, কমিশনের তৈরি নির্বাচনী আইন সংস্কারের প্রস্তাব জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে সরকারের কাছে পাঠানো হবে। তাতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের জন্য সংবিধানের ১১৮ অনুচ্ছেদের আলোকে আইন প্রণয়নের সুপারিশ থাকবে। কমিশনের প্রস্তাবিত এই খসড়া আইনে বলা হয়েছে, মোট চারজন কমিশনারের একজন হবেন নারী। কমিশন গঠনের জন্য একটি অনুসন্ধান কমিটি থাকবে। এই কমিটির সদস্য হবেন প্রধান নির্বাচন কমিশনার, হাইকোর্টের একজন বিচারক, দুদকের চেয়ারম্যান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ও মহাহিসাব নিরীক্ষক।কমিটি ঐকমত্যের ভিত্তিতে প্রতিটি শূন্যপদের জন্য তিনজনের নাম প্রস্তাব করবে। সংসদের কার্য-উপদেষ্টা কমিটি এই প্রস্তাব পরীক্ষা করে চূড়ান্ত তালিকা তৈরি করবে। এরপর রাষ্ট্রপতি প্রস্তাবিত নামের তালিকা থেকে যেকোনো ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিতে পারবেন।গতকাল সিইসি জানান, অচিরেই কমিশন তাদের এই সংস্কার প্রস্তাব সরকারের কাছে পাঠাবে।এদিকে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন গতকাল সিইসি শামসুল হুদার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি সাংবাদিকদের জানান, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ পদ্ধতি-সংক্রান্ত আইনের খসড়া নিতে তিনি কমিশনে যান। রাষ্ট্রপতির আহ্বানে সংলাপে গণফোরাম অংশ নেবে বলে জানান তিনি।সিইসি বলেন, ‘আমি ড. কামাল হোসেনকে অনুরোধ করেছি, রাষ্ট্রপতির সংলাপে যেন তিনি অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে কমিশন গঠনের প্রস্তাব দেন।’সিইসি শামসুল হুদা ও কমিশনার ছহুল হোসাইনের মেয়াদ ৫ ফেব্রুয়ারি এবং অপর কমিশনার এম সাখাওয়াত হোসেনের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি শেষ হচ্ছে।