রাষ্ট্রপতির কাছে দুই ধর্মভিত্তিক দলের সুপারিশ ইসি গঠনের আগে তত্ত্বাবধায়ক ব্যবস্থার পুনর্বহাল জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন গঠনের আগে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের সুপারিশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিশ। আজ মঙ্গলবার বঙ্গভবনে অনুষ্ঠিত সংলাপে রাষ্ট্রপতির মো. জিল্লুর রহমানের কাছে তারা এ সুপারিশ করেন। আজ বেলা ১১টায় অনুষ্ঠিত এ সংলাপে খেলাফত আন্দোলনের ১০ সদস্যের প্রতিনিধি অংশ নেন। নির্বাচন কমিশন (ইসি) গঠন-সম্পর্কিত এ সংলাপ শেষে দলের মহাসচিব জাফরুল্লাহ খান সাংবাদিকদের জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য বিশিষ্ট ব্যক্তিদের একটি নামের তালিকা তাঁরা রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেছেন। সিইসি হিসেবে তাঁরা সাবেক বিমানবাহিনী প্রধান জামাল উদ্দিন, সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল এবং মাহমুদুল আমিন চৌধুরীর নাম প্রস্তাব করেছেন। জাফরুল্লাহ খান বলেন, সংলাপে নির্বাচন কমিশন গঠনের আগে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের সুপারিশ করা হয়েছে। দেশের রাজনৈতিক বাস্তবতা অনুযায়ী তত্ত্বাবধায়ক ব্যবস্থার প্রয়োজন আছে। তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। আমির আহমদুল্লাহ আশরাফের নেতৃত্বে খেলাফত আন্দোলনের প্রতিনিধিদলে ছিলেন মহাসচিব জাফরুল্লাহ খান, নায়েবে আমির আতাউল্লাহ, আনিসুর রহমান, মো. হাবিবুল্লাহ, আজম খান, মুজিবুর রহমান প্রমুখ। দুপুরে খেলাফত মজলিশের ১০ সদস্যর প্রতিনিধি রাষ্ট্রপতির সংলাপে অংশ নেন। সংলাপ শেষে দলের আমির হাবিবুর রহমান জানান, বিদ্যমান পরিস্থিতিতে নির্বাচন গঠনের চেয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থার পুনর্বহাল জরুরি বিষয়। তাই সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করার জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে তারা ২০০৬ সালে আওয়ামী লীগের সঙ্গে যে পাঁচ দফা চুক্তি হয়েছিল, তার বাস্তবায়ন চেয়েছে।হাবিবুর রহমানের নেতৃত্বে খেলাফত মজলিশের প্রতিনিধিদলে আরও ছিলেন মহাসচিব মো. নেজামউদ্দিন, আবদুর রব ইউসুফী, কেন্দ্রীয় নেতা আতাউল্লাহ প্রমুখ।দুপুরের পর গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান নুরুল ইসলামের নেতৃত্বে দলটির পাঁচ সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়। সংলাপ শেষে দলের মহাসচিব মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, তাঁরা রাষ্ট্রপতির কাছে বর্তমান কমিশনের মেয়াদ বাড়িয়ে সরকারি ও বিরোধী দলের পছন্দসই দুজন নির্বাচন কমিশনার নিয়ে নতুন করে কমিশন গঠনের সুপারিশ করেছেন।