কাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাষ্ট্রপতির কাছে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য প্রস্তাবিত নামের চূড়ান্ত তালিকা জমা দেবে অনুসন্ধান কমিটি। এর আগে বিকেল পাঁচটায় কমিটির আরেকটি সভা অনুষ্ঠিত হবে।আজ সোমবার কমিটির বৈঠক শেষে অনুসন্ধান কমিটির সাচিবিক দায়িত্ব পালনকারী মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা ওই নাম জমার দেওয়ার সময় তা গণমাধ্যমে প্রকাশ করা হবে।আজ বিকেল সাড়ে চারটা থেকে প্রায় ছয়টা পর্যন্ত কমিটি নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে প্রস্তাবিত ব্যক্তিদের নাম চূড়ান্ত করতে বৈঠক করে। সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হয়।নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। কমিটির অন্য তিন সদস্য হলেন হাইকোর্টের বিচারপতি মো. নুরুজ্জামান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান এ টি আহমেদুল হক, ও মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকিম।