রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা সীমিত করার পক্ষে বিশেষ কমিটি
সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি রাষ্ট্রপতির জরুরি অবস্থা এবং অধ্যাদেশ জারির ক্ষমতা সীমিত করার পক্ষে মত দিয়েছে। প্রধানত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাষ্ট্রপতির এ অসীম ক্ষমতা অনেক সময় দেশকে বিপদের মুখে ঠেলে দেয় বলে কমিটির সদস্যরা উল্লেখ করেছেন। আজ বুধবার দুপুরে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা জানান। বিগত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরের শাসনকালের কথা উল্লেখ করে তিনি বলেন, ওই সময় রাষ্ট্রপতি একের পর এক অধ্যাদেশ জারি এবং জরুরি অবস্থা ঘোষণা করে দেশকে এক নাজুক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছিলেন। আইনের ফাঁকফোকর দিয়ে রাষ্ট্রপতি নিজেই তখন প্রধান উপদেষ্টা হয়ে যান। পরে পরিস্থিতি সামাল দিতে না পেরে আবার একজন প্রধান উপদেষ্টা নিয়োগ করা হয়। তিনি বলেন, এ ঘটনার বিশ্লেষণ করে কমিটি সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা পুনর্বিবেচনার সুপারিশ করবে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা একটি সর্বজনীন ধারণা থেকে এসেছিল। কিন্তু বিগত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা তা ভেঙে দিয়েছে। কমিটি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার মেয়াদ ৯০ দিন রাখার পক্ষে মত দেন। একই সঙ্গে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য এ সময়সীমা আরও ৩০ দিন বাড়ানোর প্রস্তাব করা হয়। তবে এই ৩০ দিন সময় বাড়ানোর আগে রাষ্ট্রপতির অনুমতি নিতে হবে।