রাষ্ট্রপতির প্রমার্জনায় পদোন্নতি পেলেন চিকিৎসক নেতারা
প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও রাষ্ট্রপতির প্রমার্জনায় পদোন্নতি পেয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত চিকিৎসক সংগঠনের ডজন খানেক নেতা। গত ৩১ মার্চ সহকারী ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া চিকিৎসকদের তালিকা প্রকাশ করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতির ‘প্রমার্জন গ্রহণপূর্বক’ পদোন্নতি দেওয়া হয়েছে। সূত্রগুলো বলছে, পদোন্নতি প্রক্রিয়ায় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ও সরকারি কর্মকমিশনের শর্ত অনুযায়ী শিক্ষকতার অভিজ্ঞতা ও প্রয়োজনীয়সংখ্যক প্রকাশনা না থাকা সত্ত্বেও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতারা পদোন্নতি পেয়েছেন। এ ছাড়া বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশে শুধু ক্যাডারভুক্ত কর্মকর্তাদের পদোন্নতির বিধান থাকা সত্ত্বেও ক্যাডারভুক্ত নন এমন চিকিৎসকেরা পদোন্নতি পেয়েছেন। ক্যাডারভুক্ত কিন্তু বুনিয়াদি প্রশিক্ষণ করেননি, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হননি এবং চাকরি স্থায়ী হয়নি এমন চিকিৎসকেরাও পদোন্নতি পাওয়াদের তালিকায় আছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য রশীদ-ই-মাহবুব বলেছেন, বিভাগীয় পদোন্নতি কমিটির মাধ্যমে পদোন্নতি হয়তো পেলেন চিকিৎসকেরা, কিন্তু শিক্ষাক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল, তা পূরণ হবে না। শিক্ষকদের পদোন্নতির জন্য তাঁর পড়ানোর যোগ্যতা ও প্রকাশনা খুব জরুরি। যোগ্যতার প্রতিযোগিতায় যাঁরা এগিয়ে থাকবেন, তাঁরাই পদোন্নতি পাবেন—এই নিয়ম চালু করা জরুরি বলে মত দেন তিনি। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজউদ্দীন প্রথম আলোকে বলেন, ‘অনেকে পদোন্নতির শর্ত পূরণ করতে পারেননি। মহামান্য রাষ্ট্রপতি তাঁর ক্ষমতা অনুযায়ী প্রমার্জন করেছেন।’ পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে নিয়মের কোনো ব্যত্যয় হয়নি বলে দাবি করেন তিনি। মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, চিকিৎসকদের পদোন্নতিকে কেন্দ্র করে বিরোধের জের ধরে গত ফেব্রুয়ারির শেষ দিকে মন্ত্রণালয়ের সাবেক সচিব মু. হুমায়ুন কবিরকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়। মার্চের প্রথম সপ্তাহে তিনি স্বেচ্ছায় অবসরে যান। ২০১১ সালের ৩০ অক্টোবর একইভাবে ক্যাডারভুক্ত চিকিৎসকদের পদে ক্যাডারভুক্ত নন, এমন চিকিৎসকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছিল। বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন ৫ ডিসেম্বর এর প্রতিবাদে হাইকোর্টে রিট আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে আদালত সরকারের প্রতি রুল জারি করেন। রুলের নিষ্পত্তি হওয়ার আগেই আরেক দফা পদোন্নতি পেলেন চিকিৎসক নেতারা। তবে আদালতে যাঁরা রিট করেছিলেন, তাঁদের ১৮ জনের কেউই পদোন্নতি পাননি। অভিযোগ রয়েছে, দলীয় নেতাদের পদোন্নতির বিষয়ে বিএমএ ও স্বাচিপের মহাসচিব এম ইকবাল আর্সলান বিভাগীয় পদোন্নতি কমিটির ওপর চাপ দিয়েছেন। তবে প্রজ্ঞাপন জারির পর থেকে ইকবাল আর্সলানের মুঠোফোনটি বন্ধ রয়েছে। এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। যাঁরা পুরস্কৃত হলেন: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক পরিচালক বায়েজীদ খুরশীদ রিয়াজ পাবলিক হেলথ অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন। ২০১১ সালের ৩০ অক্টোবর তিনি একই বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছিলেন। পদোন্নতির পর কর্মকর্তাদের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেখান থেকে পরবর্তী পদায়ন করা হয়। বায়েজীদ সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়ার এক দিনের মাথায় ছাড়পত্র নিয়ে আবারও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফিরে আসেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২-এর প্রকল্প পরিচালক।বায়েজীদ জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে হাসপাতাল প্রশাসনের ওপর এক বছরের স্নাতকোত্তর করেছেন। চার বছরের শিক্ষকতার অভিজ্ঞতা না থাকলেও তিনি সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন। গত দেড় বছরে এক দিনও ছাত্র পড়িয়েছেন কি না, সে বিষয়ে প্রশ্ন করা হলে বায়েজীদ জবাব দেননি। ১৯৭২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া চিকিৎসক যাঁরা পরবর্তী সময়ে বিসিএস পরীক্ষায় পাস করতে পারেননি, তাঁরাও দ্বিতীয় দফা পদোন্নতি পেয়েছেন। নন-ক্যাডার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার ও বিএমএর সাবেক মহাসচিব শারফুদ্দিন আহমেদের স্ত্রী ঢাকা মেডিকেল কলেজের চর্ম বিভাগের শিক্ষক নাফিজা আহমেদ দ্বিতীয় দফা পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হয়েছেন। প্রকল্পে নিয়োগ পেয়েও দ্বিতীয় দফা পদোন্নতি পেয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার বড়ুয়া, জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ও ওই হাসপাতালের স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি বিশ্বাস আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক আবু রায়হান। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবু রায়হান হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্ব পান। চড়া দামে হাসপাতালের ওষুধ ও যন্ত্রপাতি কেনার অভিযোগ ওঠায় প্রকল্পে নিয়োগ পাওয়া চিকিৎসক আবু রায়হানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বিশ্বাস আখতার হোসেন বহির্বিভাগে রোগী দেখেন। নাক, কান, গলা বিভাগে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন স্বাচিপের বহিষ্কৃত নেতা মণি লাল আইচ।নাক, কান, গলা বিভাগে ঢাকা মেডিকেল কলেজে স্বাচিপের আহ্বায়ক ১৮তম বিসিএসে উত্তীর্ণ দেবেশ চন্দ্র তালুকদার সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। কিন্তু পদোন্নতি পাননি নবম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ মো. মমিনুল হক। কার্ডিওলোজি বিভাগে স্বাচিপ ও বিএমএর কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকল্পে নিয়োগ পাওয়া চিকিৎসক কাজল কুমার কর্মকার সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন। ওই বিভাগের বেশ কয়েকজন ক্যাডারভুক্ত চিকিৎসককে ডিঙিয়ে তাঁকে পদোন্নতি দেওয়ার অভিযোগ উঠেছে। ১৩তম, ১৫তম ও ১৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের ডিঙিয়ে কার্ডিওলোজি বিভাগে বিএমএর নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমানকে পদোন্নতি দেওয়া হয়। এ ছাড়া মোস্তাফিজুল আজিজ ও হুমায়ুন কবীর জ্যেষ্ঠতা পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি পেয়েছেন ২৪তম বিসিএসে উত্তীর্ণ বিজয় দত্ত।রিট আবেদনকারীরা পদোন্নতি পাননি: ফরেনসিক মেডিসিন বিভাগে শিক্ষকের ৭০ শতাংশ পদ ফাঁকা থাকলেও পদোন্নতি পাননি অষ্টম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ সেলিম রেজা। ক্যাডারভুক্ত নন এমন দুজন চিকিৎসক এ বিভাগে পদোন্নতি পেয়েছেন। এ ছাড়া প্যাথলজি বিভাগে জ্যেষ্ঠতার ক্রমে পঞ্চম স্থানে থাকা এ কে এম শহীদুল ইসলাম পদোন্নতি পাননি। তাঁর চাকরি আছে আড়াই বছর। ৩০ বছর ধরে তিনি শিক্ষকতা করছেন কিন্তু এখনো চিকিৎসকদের ভিত্তি পদ মেডিকেল কর্মকর্তা পদেই আছেন। অথচ তাঁর বিভাগে ২০তম বিসিএসে উত্তীর্ণ চিকিৎসক সহকারী অধ্যাপক হয়েছেন।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেছেন, সারা দুনিয়ায় একটা নির্ধারিত নিয়মের মাধ্যমে পদোন্নতি দেওয়া হয়। খেয়ালখুশিমতো পদোন্নতি দিলে চিকিৎসকেরা সরকারি কাজে উৎসাহ হারিয়ে ফেলবেন। তিনি মন্তব্য করেন, ‘যা চলছে তা খুবই অন্যায়।’