রাষ্ট্রপতির মৃত্যুতে কিশোরগঞ্জে শোকের ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে তাঁর নিজ জেলা কিশোরগঞ্জের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। বর্ষীয়ান এই রাজনীতিকের মৃত্যু কেউই যেন মেনে নিতে পারছেন না।জেলার সব রাজনৈতিক দলের নেতারা ১৯৫২ সালের ভাষা-আন্দোলন, ১৯৬২ সালের সামরিক শাসনবিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানসহ এক-এগারোর সময় দলের দুঃসময়ে জিল্লুর রহমানের সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকার কথা স্মরণ করছেন।জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান বলেন, বয়সের পার্থক্যকে অতিক্রম করে এই নেতা ছাত্রজীবন থেকে তাঁকে ‘মিতা’ বলে সম্বোধন করতেন। তাঁর অকৃত্রিম ভালোবাসার কথা আমৃত্যু মনে থাকবে।ঠেলাগাড়ির চালক রহিম মিয়া (৭৬) বলেন, ‘মানুষডা বড়ই ভালা আছিল। তাঁর বউও অনেক করছে বাঙালির জন্য। এই পরিবারটার কথা জনগণ মনে করব হগল সময়।’জিল্লুর রহমানের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, গণতন্ত্রী পার্টিসহ সব রাজনৈতিক দল, প্রেসক্লাব, জেলা ক্রীড়া সংস্থাসহ জেলার শতাধিক সংগঠনের নেতারা পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।জিল্লুর রহমান কিশোরগঞ্জ মহকুমা আওয়ামী লীগের প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। কিশোরগঞ্জের মাটি ও মানুষের সঙ্গে ছিল তাঁর নিবিড় সম্পর্ক। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আজ বিকেলে ইন্তেকাল করেছেন জিল্লুর রহমান।