রাষ্ট্রপতির সংলাপ নিয়ে চারদলীয় জোটের ইতিবাচক সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে যাওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে চারদলীয় জোটের শরিক দলগুলো। পৃথকভাবে অংশ নিলেও সংলাপে দলগুলো রাষ্ট্রপতির কাছে প্রায় অভিন্ন বক্তব্য তুলে ধরবে বলেও সিদ্ধান্ত নিয়েছে দলগুলো।আজ সোমবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে রাত নয়টায় শুরু হয়ে বৈঠকটি শেষ হয় রাত সাড়ে দশটায়।বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়ে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পূর্ণবহালের কথা তুলে ধরবে। এ ধরণের সরকার ছাড়া দলগুলো যে নির্বাচনে অংশ নেবে না সে বিষয়টিও রাষ্ট্রপতিকে জানাবে দলগুলো। বৈঠকে মূলত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত হয়। এর পাশাপাশি নির্বাচন কমিশন গঠন, বিরোধী দলীয় নেতা কর্মীদের ওপর হামলা, মামলার বিষয়েও রাষ্ট্রপতির সঙ্গে তাঁরা আলোচনা করবেন বলে জানা গেছে।বৈঠকে সিদ্ধান্ত হয়, জাতীয় সংসদের প্রতিনিধিত্ব থাকায় জামায়াতে ইসলামিকে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতির কাছে শরিক দলগুলো আহ্বান জানাবে।বৈঠক শেষে ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামি প্রথম আলোকে বলেন, বৈঠকে সংলাপে যাওয়ার ব্যাপারে চারদলীয় জোট ইতিবাচক মনোভাব পোষন করেছে। রাষ্ট্রপতির সংলাপে দলগুলোর আলোচনার বিষয়বস্তু কী হবে তা নিজ নিজ দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত হবে।বৈঠকের অপর একটি সূত্র জানায়, চারদলীয় জোট সম্প্রসারন নিয়েও দীর্ঘ আলোচনা হয়েছে। জোটের শরিকরা জোট সম্প্রসারণের ব্যাপারে একমত হয়েছেন। জোটে এলডিপিসহ বিএনপির কর্মসূচীগুলোতে যারা এক সঙ্গে কাজ করছে তাদের বিষয়েও আলোচনা হয়েছে। তবে কাদের নিয়ে জোট সম্প্রসারণ হবে তা সিদ্ধান্ত হয়নি। আগামি ২৯ ডিসেম্বর এ নিয়ে আরও একটি বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। আজকের বৈঠকে চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোডমার্চ নিয়ে কথা হয়েছে বলেও জানা গেছে।বৈঠকের উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুরস সোবহান, সহকারি সেক্রেটারি জেনারেল মজিবুর রহমান, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোহাম্মদ ইসহাক প্রমুখ।